ছবি: সংগৃহীত
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়িয়ে একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন করা বর্তমান প্রেক্ষাপটে অপরিহার্য। এই কমিশন গণমাধ্যমের প্রতিটি ক্ষেত্রে সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ বাতলে দেবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি এর দায়িত্বশীলতার সীমারেখাও নির্ধারণ করবে।
গতকাল সোমবার রাজধানীর সার্কিট হাউস রোডে তথ্য ভবনের ডিএফপি সম্মেলন কক্ষে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) আয়োজিত ‘বাকশালী শাসনে সংবাদপত্র বন্ধের কালো দিবস’ স্মরণে এবং ‘ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যখনই আমরা কথা বলি, তখন স্বয়ংক্রিয়ভাবেই বহুমতের সহাবস্থানের কথা আসে। আবার গণমাধ্যমের দায়িত্বশীলতার কথা যখন আমরা বলি, তখন স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু গণমাধ্যমের জবাবদিহির কথাও চলে আসে। বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপরে দাঁড়াতে না পারলে ভবিষ্যতেও স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন করা যাবে না।’
সেমিনারে সভাপতিত্ব করেন দৈনিক আমার দেশ সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক মারুফ কামাল খান সোহেল।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



