ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের পর্দা নামছে আজ। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে গ্রুপ পর্বের সব হিসাব-নিকাশ।
ইতোমধ্যেই নকআউটের ৩২ দলের সমীকরণ প্রায় চূড়ান্ত। এর মাঝেই এক ম্যাচ হাতে রেখেই দাপটের সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর গ্রুপ সেরা হওয়ার সুবাদে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পেয়ে গেছে তাদের নকআউট পর্বের সম্ভাব্য রোডম্যাপও।
শেষ ৩২-এর প্রথম লড়াইয়ে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ ‘এইচ’ গ্রুপের রানার্স-আপ, বিশ্বমঞ্চের নবাগত দল কেপ ভার্দে।
আপাতদৃষ্টিতে সহজ প্রতিপক্ষ মনে হলেও, উরুগুয়ে ও স্পেনের মতো বিশ্বফুটবলের দুই পরাশক্তিকে পেছনে ফেলে নকআউটে উঠে আসা কেপ ভার্দে কিন্তু যেকোনো মুহূর্তে মায়াজাল বুনে চমকে দিতে পারে।
নবাগত দলটির বাধা টপকাতে পারলে শেষ ষোলোর মঞ্চে লিওনেল মেসিদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া কিংবা মিসর। যদি সকারুজদের (অস্ট্রেলিয়া) বিপক্ষে দেখা হয়, তবে ফুটবলপ্রেমীরা ফিরে যাবেন ২০২২ কাতার বিশ্বকাপের স্মৃতিতে। গত আসরেও ঠিক এই পর্বেই মুখোমুখি হয়েছিল দুই দল; যেখানে রুদ্ধশ্বাস লড়াই শেষে ২-১ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা।
বিশ্বজয়ের এই মিশন আরেকটু সামনে আগালেই কোয়ার্টার ফাইনাল। শেষ আটের টিকিট পেলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে ‘কে’ গ্রুপের শীর্ষ দল। কলম্বিয়া ও পর্তুগালের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ শেষে চূড়ান্ত হবে সেই নাম। এছাড়া কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে পড়ার সুযোগ রয়েছে সুইজারল্যান্ডের, যারা ইতোমধ্যেই এই ব্রাকেডে অবস্থান নিশ্চিত করে ফেলেছে।
আসল রোমাঞ্চ আর স্নায়ুক্ষয়ী উত্তেজনা অপেক্ষা করছে সেমিফাইনালে।
ফাইনালে ওঠার সেই মহাসংগ্রামে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ড! ফুটবলবিশ্ব তাই বুক বেঁধে আছে সেমিফাইনালে আরও একটি অতিপ্রত্যাশিত ‘সুপারক্লাসিকো’ দেখার জন্য।
আর সব বাধা পেরিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পা রাখতে পারলে, শিরোপা ধরে রাখার শেষ যুদ্ধে বর্তমান চ্যাম্পিয়নরা পেতে পারে অন্য ব্র্যাকেটের শীর্ষ চার পরাশক্তি— ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস কিংবা জার্মানির যেকোনো একটিকে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



