ছবি: সংগৃহীত
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘পৃথিবীর অনেক দেশ একসময় আমাদের চেয়েও অনুন্নত ছিল, আজ তারা অনেক দূর এগিয়ে গেছে।
আমাদেরও এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরো দায়িত্বশীল ও সচেতন হতে হবে।’
ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে আরো গতিশীল করতে তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদসচিব ড. নাসিমুল গনিকে সদস্য করে তিন সদস্যের এই কমিটি গঠন করতে বলা হয়।
কমিটিকে আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয়তা সাপেক্ষে দ্রুত সমাধানযোগ্য এবং দীর্ঘমেয়াদি সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশসহ রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, সিটি করপোরেশনসহ মাঠ পর্যায়ে ভেজালবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রী সভা করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে।
এ সময় প্রধানমন্ত্রীর কাছে ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা নানাবিধ প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। বিশেষ করে জেলা পর্যায়ে জনবল বাড়ানো, উন্নত মানের ল্যাবরেটরি স্থাপন, মাঠ পর্যায়ের কাজ করার জন্য আধুনিক ইকুইপমেন্ট এবং বিভিন্ন সিন্ডিকেট ও প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে অনেক সময় নিরাপত্তাঝুঁকিতে পড়তে হয় উল্লেখ করে মোবাইল কোর্টের ক্ষমতা বাড়ানোরও দাবি জানান তাঁরা।
প্রধানমন্ত্রী তাঁদের সংকটের কথাগুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ : রাজধানীর গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ রক্ষা এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় তিনি এই নির্দেশনা দেন।
সভায় গুলশান, বনানী, বারিধারা, নিকেতন এলাকার ভবনগুলোর পয়োনিষ্কাশন সংযোগ ব্যবস্থা যাচাই এবং লেকের পানি দূষণমুক্ত রাখা, গুলশান-বনানী-বারিধারা এলাকার বর্জ্য অপসারণ ব্যবস্থা, লেকের সঙ্গে সংযুক্ত খালগুলো নিয়মিত পরিষ্কার রাখা এবং পরিবেশ রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে গুলশান-বনানী-বারিধারা-নিকেতন এলাকার পরিবেশ রক্ষায় স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট (এসটিপি) স্থাপনের বিষয়টিও আলোচনা হয়।
সভায় আলোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বলেন, ‘গুলশান-বনানী-বারিধারা লেকের পানি কিভাবে দূষণমুক্ত রাখা যায় এবং একটি সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।’
কড়াইল বস্তির বর্জ্য যাতে সরাসরি লেকে না পড়ে, সে জন্য কী কর্মপরিকল্পনা হাতে নেওয়া যায়, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান উপ প্রেস সচিব।
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর দেওয়া বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।
গতকাল সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় তিনি ক্রাউন প্রিন্সের একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হন্তান্তর করেন। সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপরাষ্ট্রদূত ইব্রাহিম আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সৌদি রাষ্ট্রদূত আরো জানান, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও শিগগির বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন। এ ছাড়া সৌদি আরবের একটি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল আগামী সপ্তাহে বিনিয়োগসংক্রান্ত আলোচনা করতে ঢাকা সফর করবে।
এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশে সৌদি কম্পানিগুলোর বিনিয়োগে আগ্রহের বিষয়টি তুলে ধরেন। প্রধানমন্ত্রী বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশে সৌদি বিনিয়োগ ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



