ছবি: সংগৃহীত
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া কিংবা পরিচয় যাচাইয়ের জটিলতায় পড়ার ঘটনা এখন আর নতুন নয়। এ ধরনের ঝুঁকি কমাতে ব্যবহারকারীদের জন্য ‘ভেরিফিকেশন সেলফি’ নামে একটি নিরাপত্তা ফিচার রয়েছে। এটি অ্যাকাউন্টের প্রকৃত মালিককে শনাক্ত করতে সহায়তা করে এবং সন্দেহজনক কার্যক্রম ধরা পড়লে পরিচয় যাচাইয়ের প্রক্রিয়াকেও সহজ করে।
ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ফেসবুক বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে। এর মধ্যে ‘ভেরিফিকেশন সেলফি’ অন্যতম। এই ফিচার সক্রিয় থাকলে প্রয়োজনে ফেসবুক পরিচয় যাচাই করতে পারে। ফলে অ্যাকাউন্ট পুনরুদ্ধার বা মালিকানা নিশ্চিত করার প্রক্রিয়া তুলনামূলক সহজ হয়।
যেভাবে চালু করবেন
ফেসবুক হেল্প সেন্টারের তথ্য অনুযায়ী, প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে ওপরের ডান পাশে থাকা থ্রি-লাইন মেনুতে যেতে হবে। এরপর Settings & Privacy থেকে Settings নির্বাচন করে Accounts Center-এ প্রবেশ করুন।
এরপর Password and Security অপশনে গিয়ে Verification Selfie নির্বাচন করুন। তারপর যে ফেসবুক অ্যাকাউন্টের জন্য ফিচারটি চালু করতে চান, সেটি নির্বাচন করুন। পরবর্তী ধাপে Next বাটনে চাপলে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইল ঠিকানায় একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোডটি প্রবেশ করার পর আবার Next নির্বাচন করে Start Selfie অপশনে ক্লিক করতে হবে।
এরপর মোবাইল ক্যামেরা ব্যবহারের অনুমতি দিন। স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুসরণ করে সেলফির মাধ্যমে পরিচয় যাচাই সম্পন্ন করতে হবে। এ সময় প্রয়োজনে মাথা নাড়ানো, ডানে-বামে তাকানো বা চোখের দৃষ্টি পরিবর্তনের মতো কিছু নির্দেশনা অনুসরণ করতে হতে পারে। যাচাই সফলভাবে শেষ হলে ফিচারটি সক্রিয় হয়ে যাবে।
তবে শুধু ‘ভেরিফিকেশন সেলফি’ চালু করলেই অ্যাকাউন্ট শতভাগ নিরাপদ থাকবে বা কখনোই হ্যাক হবে না; এমন নিশ্চয়তা নেই। নিরাপত্তা আরও শক্তিশালী করতে প্রযুক্তি বিশেষজ্ঞরা শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা, অপরিচিত লিংকে ক্লিক না করা, নিয়মিত লগইন কার্যক্রম পরীক্ষা করা এবং অ্যাকাউন্টের ই-মেইল ও ফোন নম্বর হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছেন।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



