ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (১৪ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে ট্রাম্প বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পূর্ণ হয়েছে।’ এ উপলক্ষে তিনি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দনও জানান।
ট্রাম্প আরও জানান, তিনি হরমুজ প্রণালি টোলমুক্তভাবে উন্মুক্ত করার অনুমোদন দিয়েছেন এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারেরও নির্দেশ দিয়েছেন। পরবর্তী এক পোস্টে তিনি স্পষ্ট করেন যে, চুক্তি স্বাক্ষরের পর আগামী শুক্রবার থেকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া হবে।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।
শেহবাজ শরিফ আরও বলেন, সমঝোতা স্মারকে সম্মতি হওয়ার পর মধ্যস্থতাকারীরা এ সপ্তাহে বেশ কয়েকটি প্রাক-বাস্তবায়ন বৈঠকের আয়োজন করবেন। এসব বৈঠকে চুক্তি বাস্তবায়নের কারিগরি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
তিনি জানান, শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আলোচনায় সহায়তার জন্য কাতারকেও ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
তবে ইসরাইলের দৈনিক মারিভের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন, লেবাননে সামরিক অভিযান বন্ধের বিষয়ে ইসরাইল নিজেকে বাধ্য মনে করবে না।
এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষে এটি পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হবে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



