ছবি: সংগৃহীত
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে আরও গতিময় করতে একাধিক নতুন নিয়ম এনেছে ফিফা। সময়ক্ষেপণ কমানো, খেলোয়াড়দের আচরণ নিয়ন্ত্রণ এবং ভিডিও সহকারী রেফারি (ভিএআর) ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যেই এসব পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, থ্রো-ইন নেয়ার ক্ষেত্রে কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করলে পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন শেষে বলের দখল প্রতিপক্ষকে দেয়া হতে পারে। একই নিয়ম গোল-কিকের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। গোল-কিক নিতে অযথা দেরি করলে প্রতিপক্ষ দল কর্নার কিক পেতে পারে।
এদিকে খেলোয়াড় বদলের নিয়মেও এসেছে বড় পরিবর্তন। বদলি হওয়া খেলোয়াড়কে নিকটতম স্থান দিয়ে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। নির্ধারিত সময়ের মধ্যে মাঠ না ছাড়লে বদলি খেলোয়াড় অন্তত এক মিনিট মাঠে প্রবেশ করতে পারবেন না এবং দলকে ওই সময় ১০ জন নিয়েই খেলতে হবে।
চিকিৎসা নেয়ার পরও নতুন বিধান কার্যকর হবে। মাঠে ফিজিওর চিকিৎসা নেয়া খেলোয়াড়কে অন্তত ৬০ সেকেন্ড মাঠের বাইরে থাকতে হবে। তবে গোলরক্ষক, গুরুতর চোট কিংবা প্রতিপক্ষ খেলোয়াড় কার্ড পাওয়ার মতো কিছু ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম থাকবে।
এছাড়া ম্যাচ চলাকালে কোনো বিরোধপূর্ণ পরিস্থিতিতে মুখ ঢেকে কথা বললে বা আচরণ করলে খেলোয়াড় লাল কার্ডের ঝুঁকিতে পড়তে পারেন। ফিফা মনে করছে, এতে গোপন উসকানি বা অসৌজন্যমূলক আচরণ কমবে।
ভিডিও সহকারী রেফারির (ভিএআর) ক্ষমতাও কিছুটা বাড়ানো হয়েছে। কর্নার কিক সঠিকভাবে দেয়া হয়েছে কি না, তা দ্রুত যাচাই করতে পারবে ভিএআর। পাশাপাশি দ্বিতীয় হলুদ কার্ড থেকে হওয়া লাল কার্ডের ক্ষেত্রেও পর্যালোচনার সুযোগ থাকবে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



