ছবি: সংগৃহীত
বলিউড সুপারস্টার সালমান খানের স্বাস্থ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা জল্পনা-কল্পনার মধ্যেই নিজস্ব ঢঙে জবাব দিলেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কয়েকটি নতুন ছবি পোস্ট করে ভক্তদের উদ্দেশে লিখেছেন, আপনাদের শরীর কেমন?
অনেকেই এটিকে তার স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের প্রতি রসিকতাপূর্ণ জবাব হিসেবে দেখছেন। সালমানের পোস্ট প্রকাশের পর ভক্তরা মন্তব্যের ঘরে মজার ছলে প্রতিক্রিয়া জানান। অভিনেত্রী মাহি বিজও মন্তব্য করে লেখেন, ‘টু গুড’।
সম্প্রতি মুম্বাইয়ের স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি অনুষ্ঠানে অংশ নেন সালমান খান। সেখানে সংস্থাটির নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি সার্ভার রুম) উদ্বোধন করেন তিনি। একই অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে বাড়ির চাবিও তুলে দেন।
তবে অনুষ্ঠানটির চেয়ে বেশি আলোচনায় আসে সালমানের শারীরিক অবস্থা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে অনেকেরই মনে হয়েছে, অভিনেতাকে আগের তুলনায় অনেক বেশি রোগা, ক্লান্ত ও অবসন্ন দেখাচ্ছিল।
একজন ভক্ত মন্তব্য করেন, তাকে অসুস্থ লাগছে। সৃষ্টিকর্তা তাকে সুস্থ রাখুন। আরেকজন লেখেন, আমার নায়ক বুড়িয়ে যাচ্ছেন। কেউ প্রশ্ন তোলেন, ভাইজানের কী হয়েছে? আবার একজন লিখেছেন, সালমানের সঙ্গে হয়তো গুরুতর কিছু ঘটছে।
এদিকে চলতি মাসের শুরুতে নিজের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর প্রথম ঝলকও প্রকাশ করেন সালমান। প্রকৃতির মাঝে নিজের পেশিবহুল শরীরের একটি ছবি শেয়ার করে তিনি শুধু ‘মাতৃভূমি’ লিখে পোস্ট করেন।
সালমান খান ফিল্মসের ব্যানারে সালমা খানের প্রযোজনায় নির্মিত ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। এতে সালমানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। প্রথমে চলতি বছরের এপ্রিলে মুক্তির কথা থাকলেও ছবিটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন মুক্তির তারিখ এখনো ঘোষণা করেননি নির্মাতারা।
সবশেষে সালমান খানকে ‘রাজা শিবাজি’ চলচ্চিত্রে জীবা মহালার বিশেষ উপস্থিতির চরিত্রে দেখা গেছে। ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিটিতে আরও অভিনয় করেছেন মুকেশ ঋষি, অঙ্কুর ভাটিয়াসহ একাধিক শিল্পী।
সূত্র: এনডিটিভি
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



