ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী চলমান জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (২১ জুলাই) নীলফামারী সফরে যাচ্ছেন দলের চার কেন্দ্রীয় নেতা। সফরকালে তারা জেলার জলঢাকা ও সদর উপজেলায় পৃথক দুটি পথসভা ও পদযাত্রায় অংশ নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য দেবেন।
সোমবার (২০ জুলাই) বিকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিওন এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার দুপুর দুইটায় পঞ্চগড়ের দেবীগঞ্জ হয়ে নীলফামারীর জলঢাকায় পৌঁছাবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।
সেখান থেকে তারা প্রথমে জলঢাকা পেট্রোল পাম্প এলাকায় ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় যোগ দেবেন। এরপর জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতারা।
আবু সাঈদ লিওন জানান, জলঢাকার কর্মসূচি শেষে বিকেল পাঁচটার দিকে নেতারা নীলফামারী সদর উপজেলার পদযাত্রায় যোগ দেবেন এবং শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় বক্তব্য রাখবেন। সেখানে কর্মসূচি শেষ করে তাদের লালমনিরহাট সফরে যাওয়ার কথা রয়েছে।
সার্বিক নিরাপত্তার বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, ‘এনসিপির কেন্দ্রীয় নেতাদের সফর ও পদযাত্রা কর্মসূচি ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা-পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন।’
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



