ছবি: সংগৃহীত
ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ৬০ হাজারের বেশি শিশু অন্তত একজন অভিভাবককে হারিয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে মোট ৬০ হাজার ৭৩৭ শিশু অন্তত একজন অভিভাবক হারিয়েছে।
এর মধ্যে ৫২ হাজার ৯৫ জন শিশু তাদের বাবাকে, ৫ হাজার ৯২৯ জন মাকে এবং ২ হাজার ৭১৩ জন শিশু বাবা-মা—উভয়কেই হারিয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুদ্ধের ফলে ২ হাজার ২৭৬টি পরিবার, যার সদস্যসংখ্যা ৮ হাজার ৮৫৮ জন, সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। এসব পরিবারের কোনো সদস্যই জীবিত না থাকায় তাদের নাম গাজার নাগরিক নিবন্ধন থেকে মুছে গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মন্ত্রণালয় আরো জানায়, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল গাজাজুড়ে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও এসব হামলায় ১ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



