ছবি: সংগৃহীত
প্রথম দুই দিনের একটা সেশনেও অস্ট্রেলিয়া দাপট দেখাতে পারেনি। বাংলাদেশ তাদেরকে তা করতে দেয়নি তৃতীয় দিনের শুরুর সেশনেও। ৪১৭ রান নিয়ে মধাহ্ন বিরতিতে গেছে দল। লিডটা গিয়ে ঠেকেছে ২১৯ রানে।
সেশনের শেষ বলে দারুণ এক ছক্কা হাঁকান মেহেদী হাসান মিরাজ। সঙ্গে সঙ্গে সেশনের শেষ ডাকেন আম্পায়ার। বাংলাদেশের ডাগআউট থেকে ভেসে আসে করতালি। আসবেই বা না কেন? মিরাজ ও তাসকিন আহমেদের প্রতিরোধ যে আরও একবার হতাশ করেছে অস্ট্রেলিয়াকে!
অজিরা এ সেশনটাকে ভুলেই যেতে চাইবে। ক্যাচ মিস হয়েছে, রোদের নিচে অনেক পরিশ্রম করতে হয়েছে পেসারদের। তবু কাঙ্ক্ষিত সাফল্য মেলেনি।
অথচ দিনের শুরুটা খানিকটা হলেও আশা ধরিয়েছিল স্বাগতিকদের বুকে। প্রথম ঘণ্টায় ২ উইকেট নেন হ্যাজেলউড। এই ২ উইকেট নিয়ে টেস্টে তার শিকার সংখ্যা দাঁড়ায় ২৯৯। প্রথমে হাসান মাহমুদকে এলবিডব্লিউ করেন তিনি। এরপর থামান তাইজুলের লড়াকু ইনিংস। তার আগে অবশ্য দিনের সেরা শটটি খেলেন তাইজুল। হ্যাজেলউডের বল হিপের কাছ থেকে অনায়াসে ফ্লিক করে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের ওপর দিয়ে বাউন্ডারিতে পাঠান তিনি।
এরপর ক্রিজে জুটি বাঁধেন মিরাজ ও তাসকিন। বুদ্ধিদীপ্ত ব্যাটিং করছেন দুজনই। বিশেষ করে স্ট্রাইক রোটেশনে দক্ষতা দেখাচ্ছেন মিরাজ। তাসকিনের একটি সহজ ক্যাচ ফেলে দেন স্মিথ। এরপর মিরাজের একটি কঠিন ক্যাচও হাতে জমাতে পারেননি হেড।
বাংলাদেশের লিড এখন ২১৯ রান। ১৩৩ ওভার মাঠে থেকে ক্লান্ত অস্ট্রেলিয়া। শেষ দুই উইকেট ফেলতে এখনো বেশ পরিশ্রম করতে বলেই মনে হচ্ছে তাদের।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



