ছবি: সংগৃহীত
ঘরোয়া ক্রিকেটে নতুন ঐতিহ্যের সূচনা হতে যাচ্ছে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম শ্রেণির মর্যাদা পাওয়ার শুরুর সময়ের স্মৃতি বর্তমানের সঙ্গে মিলিয়ে দিতে এবার চালু হচ্ছে ‘ফার্স্ট ক্লাস ক্যাপ’। এনসিএলের আট বিভাগের অধিনায়কের মাথায় উঠবে এই বিশেষ ক্যাপ। ক্যাপ তুলে দেবেন দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের শুরুর সময়ের খেলোয়াড়রা।
এনসিএলের প্রথম আসর বসেছিল ১৯৯৯ সালে। সেই ঐতিহাসিক আসরে নিজ নিজ বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রতিনিধিত্ব করা সাবেক ক্রিকেটারদের মধ্য থেকে কয়েকজনকে আমন্ত্রণ জানানো হবে। তাদের হাতেই বর্তমান আট বিভাগের অধিনায়কের মাথায় উঠবে ‘ফার্স্ট ক্লাস ক্যাপ’। বিসিবির টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার বলেন, ‘আমাদের এখানে এমন অনেক সাবেক ক্রিকেটার আছেন, যারা প্রথম শ্রেণির ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে খেলেছেন। তাদের অনেকেই এখন ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন।’ তিনি বলেন, ‘এছাড়া তখন যারা ভালো খেলেছেন কিংবা প্রথমবারের মতো নিজ বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন তারাও থাকবেন।’
সেই ইতিহাসকে সম্মান জানাতে বর্তমান অধিনায়কদের হাতে ক্যাপ তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান কাওসার। তিনি বলেন, ‘আমরা তাদের একজনকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছি। তিনি যেন তার নিজ বিভাগের বর্তমান অধিনায়কের মাথায় প্রথম শ্রেণির ক্যাপ পরিয়ে দেন। এটাই আমাদের পরিকল্পনা।’
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



