ছবি: সংগৃহীত
বয়সভিত্তিক ক্রিকেট থেকে প্রতিভা তুলে এনে তাদের গড়ে তোলার ওপর জোর দিয়েছেন বিসিবির বয়সভিত্তিক গ্রুপের সভাপতি মিনহাজুল আবেদীন নান্নু। তবে সদ্য সমাপ্ত বয়সভিত্তিক টুর্নামেন্টের পারফরম্যান্স দেখে কোনো ক্রিকেটারকে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় নেওয়া ঠিক হবে না বলে মনে করেন তিনি। তার মতে, বয়স বাড়ার সঙ্গে ক্রিকেটারদের দক্ষতা ও ভূমিকারও পরিবর্তন হয়। সামনের সিরিজগুলোতে ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দল গড়া উচিত।
মিনহাজুল বলেন, ‘তানজিদ হাসানকে যখন নিয়েছিলাম, তখন অনেকে সমালোচনা করেছেন। সেই তানজিদ এখন চ্যাম্পিয়ন খেলোয়াড়। এমন প্রতিভা খুঁজে বের করতে হবে, যেন তার ভবিষ্যৎ ভালো হয়। খেলোয়াড় বাছাইয়ে ঝুঁকি নিতে হবে। মাথায় রাখতে হবে, সেই খেলোয়াড় যেন পাঁচ-সাত বছর সার্ভিস দিতে পারে।’ মিনহাজুল বলেন, ‘এখন শুধু নাম নিয়ে না ভেবে পারফরম্যান্স কেমন করছে, সেটা দেখতে হবে। সামনের সিরিজগুলোতে কে কেমন পারফর্ম করছে, সেগুলো দেখে দল করা উচিত।’ টেস্ট ক্রিকেটে নতুন খেলোয়াড় উঠে আসায় খুশি মিনহাজুল। দক্ষিণ আফ্রিকায় তাওহিদ হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের একাধিক টেস্ট খেলোয়াড় বেরিয়ে আসছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে সাড়ে তিনশ রান করা বিরাট ব্যাপার। হৃদয়ের লংগার ভার্সনের জন্য প্রক্রিয়ায় থাকলে অবশ্যই তাকে টেস্টে দেখা যাবে। জাতীয় দলে এক জায়গায় কেউ সারাজীবন খেলবে না। ভালো করলে হৃদয়ের জায়গা নিয়ে সমস্যা হবে না।’ তিনি বলেন, ‘টেস্টে এখন আগের মতো ২০ জন খেলোয়াড় নিয়ে ভাবলে হবে না। সব মিলে যদি ৪০ জন খেলোয়াড় থাকে, তাহলে তিন ফরম্যাটে খেলা চালিয়ে যেতে সমস্যা হবে না। ঠাসা সূচির মধ্যে ফিটনেস ঠিক রাখার সঙ্গে মন-মানসিকতারও উন্নতি করতে হবে।’
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



