ছবি: সংগৃহীত
ইসরায়েলি আগ্রাসনের নির্মম ক্ষতচিহ্ন আবারও ফুটে উঠল অবরুদ্ধ গাজা উপত্যকায়। দুই বছর আগে নিখোঁজ হওয়া একই পরিবারের ৫৫ জনের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে গাজা সিটির জাইতুন এলাকার একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে।
শনিবার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যরা এই তথ্য নিশ্চিত করেছেন।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিহতরা সবাই গাজার ‘মালকা’ পরিবারের সদস্য। প্রায় দুই বছর আগে ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলা থেকে বাঁচতে তারা জাইতুন এলাকার ওই ভবনটিতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু বোমার আঘাতে পুরো ভবনটি মাটির সঙ্গে মিশে গেলে ভেতরেই জীবন্ত কবরচাপা পড়েন তারা।
সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, গত ৭২ ঘণ্টা ধরে মালকা পরিবারের নিখোঁজ হওয়া অন্তত ৬০ জন সদস্যের খোঁজে ধ্বংসস্তূপের নিচে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। অবশেষে একের পর এক উদ্ধার হতে থাকে স্বজনহারা এই পরিবারটির সদস্যদের ছিন্নভিন্ন মরদেহ।
অধিকাংশের দেহাংশ ও মরদেহ উদ্ধার সম্ভব হওয়ায় আগামী সপ্তাহের শুরুতেই একই সঙ্গে তাদের গণদাফন ও যৌথ জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



