ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (৬ আগস্ট) একই স্থানে ও একই সময়ে তিনটি সংগঠনের কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অভ্যন্তরে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের একই স্থানে ও একই সময়ে তিনটি সংগঠনের সমাবেশের ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে অবহিত করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ভাষা শহীদ রফিক ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে জবি ছাত্রদল।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশব্যাপী ছাত্রশিবিরের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড, ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা এবং মবতন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে।
একই সময় ও একই স্থানে জবি শিক্ষার্থীদের ওপর সোহরাওয়ার্দী কলেজের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় ‘ঐক্যবদ্ধ জগন্নাথ’।
এ ছাড়াও দুপুর ১২টায় রফিক ভবনে অ্যাম্বুলেন্স হস্তান্তর কর্মসূচির ঘোষণা দেয় জবি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
একই স্থানে ও একই সময়ে একাধিক কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



