ছবি: সংগৃহীত
প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চার স্তরের কমিটি গঠন করেছে সরকার। রবিবার (২১ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রতিটি কমিটিকে প্রতি মাসে অন্তত একটি সভা করতে হবে। যেসব বিদ্যালয়ে শিক্ষক প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশ ইতোমধ্যে হয়েছে, সেসব বিদ্যালয়ে নতুন শিক্ষক পদায়নের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য গঠিত জাতীয় কমিটির সভাপতি করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে।
সদস্য হিসেবে রয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্য-সচিব হিসেবে থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়)। এ কমিটি প্রতি মাসে অন্তত একটি সভা করবে এবং বদলির আবেদন যাচাই-বাছাই করে অনুমোদনের জন্য মন্ত্রীর কাছে পাঠাবে।
এছাড়া আন্তঃবিভাগ বা আন্তঃসিটি কর্পোরেশন বদলির ক্ষেত্রে এ কমিটির অনুমোদনের পর আদেশ জারি করা হবে।
বিভাগীয় পর্যায়ের কমিটির সভাপতি থাকবেন বিভাগীয় কমিশনার।
সদস্য হিসেবে থাকবেন বিভাগীয় উপ-পরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা) এবং সভাপতির মনোনীত দুজন গণ্যমান্য ব্যক্তি। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক।
জেলা পর্যায়ে নতুন নিয়োগপ্রাপ্তদের পদায়ন ও বদলি কমিটির সভাপতি থাকবেন জেলা প্রশাসক (ডিসি)। সদস্য হিসেবে থাকবেন জেলা শিক্ষা কর্মকর্তা এবং মনোনীত দুজন গণ্যমান্য ব্যক্তি। সদস্য-সচিব থাকবেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
এ কমিটি নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের লটারির মাধ্যমে উপজেলা পর্যায়ের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন নিশ্চিত করবে। একই জেলার মধ্যে শিক্ষকদের বদলির আবেদন এ কমিটির অনুমোদন সাপেক্ষে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আদেশ জারি করবেন।
উপজেলা পর্যায়ের কমিটির সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সদস্য হিসেবে থাকবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং মনোনীত দুজন ব্যক্তি। সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এ কমিটি মূলত একই উপজেলা বা থানার ভেতরে শিক্ষকদের বদলির আবেদনগুলো নিষ্পত্তি করবে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



