ছবি: সংগৃহীত
বাংলাদেশের চুক্তিবদ্ধ পুরুষ ও নারী ক্রিকেটাররা এবার যুক্ত হয়েছেন বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) বৈশ্বিক বাণিজ্যিক কর্মসূচিতে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বের শীর্ষ ১৯টি ক্রিকেট খেলুড়ে দেশের মধ্যে ১৭টি দেশের আন্তর্জাতিক ক্রিকেটাররা এই কর্মসূচির আওতায় রয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশও।
ক্রিকেটারদের নাম, ছবি, শারীরিক অবয়বসহ বিভিন্ন বাণিজ্যিক অধিকার সম্মিলিতভাবে সুরক্ষিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে ক্রিকেটারদের জন্য নতুন কিছু আয়ের সুযোগও তৈরি হবে।
বিশ্বব্যাপী লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন পণ্য ও বাণিজ্যিক কার্যক্রম থেকে ক্রিকেটাররা সুবিধা পাবেন।
এদিকে ডব্লিউসিএর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কোয়াব সভাপতি মিঠুন আলী। এর ফলে বৈশ্বিক পর্যায়ে ক্রিকেটারদের প্রতিনিধিত্বকারী সর্বোচ্চ পর্ষদে বাংলাদেশের প্রতিনিধিত্বও নিশ্চিত হলো।
ডব্লিউসিএর বোর্ডে বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড় সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি স্বতন্ত্র পরিচালকেরাও রয়েছেন।
সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের স্বার্থ ও বিষয়গুলো তুলে ধরার সুযোগ পাবেন মিঠুন।
ডব্লিউসিএর নেতৃত্বে রয়েছেন চেয়ারপার্সন হিথ মিলস, সভাপতি লিসা স্থালেকার, প্রধান নির্বাহী কর্মকর্তা টম মফাট, স্বতন্ত্র পরিচালক সানা মীর এবং ডব্লিউসিএ এশিয়া আঞ্চলিক প্রধান ইমরান আহমেদ খান।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



