ছবি: সংগৃহীত
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এই বোর্ডের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
একই সঙ্গে শ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধ বন্ধ করে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
নতুন মজুরি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে। বোর্ডের অন্য সদস্যরা হলেন নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিক পক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব মো. আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন।
এ ছাড়া তৈরি পোশাকশিল্পের জন্য মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী বলেন, ‘শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই রবিবার মজুরি বোর্ড ঘোষণার সিদ্ধান্ত জানানো হয়েছিল। এরপরও শ্রমিকদের রাস্তায় নামানো হয়েছে। আমি আশা করি, এই ঘোষণার মধ্য দিয়ে আমাদের শ্রমিক ভাইয়েরা তাদের যে দাবি ছিল, তার বিষয়ে অগ্রগতি দেখতে পাবেন। আমরা আজকেই মজুরি বোর্ড ঘোষণা করছি।
তিনি আরো বলেন, ‘সরকার আগেই সংবাদমাধ্যমে এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় রবিবার মজুরি বোর্ড গঠনের কথা জানিয়েছিল। এরপরও সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে’। তিনি শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তারফদারও উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশোধিত ২০২৬ সালের ধারা ১৩৮-এর উপধারা (২), (৩) ও (৪)-এর বিধান অনুসারে বোর্ড গঠন করা হয়েছে।
আইনের ধারা ১৩৯ অনুযায়ী বোর্ডের দায়িত্ব হবে সংশ্লিষ্ট শিল্প খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করা। বোর্ডের সুপারিশ পর্যালোচনা করে সরকার নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করবে এবং গেজেট প্রকাশের মাধ্যমে তা কার্যকর করবে।
এর আগে শুক্রবার শ্রমিক নেতাদের সঙ্গে এবং গতকাল শনিবার তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। এসব বৈঠকে শ্রমিকদের মজুরি ও চলমান আন্দোলনের বিষয় নিয়ে আলোচনা হয়। পরে গতকাল সংবাদ সম্মেলনে আজ রবিবার মজুরি বোর্ড ঘোষণার কথা জানান তিনি।
বর্তমানে তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হয়, যা পরের মাস থেকে কার্যকর হয়। সাধারণত পাঁচ বছর পরপর পোশাকশিল্পের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ করা হতো। তবে গত ১০ এপ্রিল জাতীয় সংসদে শ্রম আইন সংশোধন বিল পাসের মাধ্যমে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।
এদিকে পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগসহ বিভিন্ন দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে আন্দোলন করছেন শ্রমিকদের একটি অংশ। বিভিন্ন এলাকায় সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে। নতুন মজুরি বোর্ড গঠনের মধ্য দিয়ে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু হলো।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



