ছবি: সংগৃহীত
ইসরায়েলের কাছে সংবেদনশীল সামরিক তথ্য ও নিরাপত্তা স্থাপনার অবস্থান পাঠানোর অভিযোগে দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, অভিযোগগুলো জুনে ১২ দিনের যুদ্ধ এবং ইরানের সঙ্গে চলমান সংঘাতের সময়ের।
ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছিল। এ ঘটনায় তাদের ভিডিও ফুটেজ এবং পাঠানো বার্তার স্ক্রিনশটও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
মিজানের তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের একজন একটি টেলিগ্রাম চ্যানেলের প্রশাসকের কাছে সংবেদনশীল তথ্য পাঠিয়েছিলেন। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ওই টেলিগ্রাম চ্যানেলটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত ছিল।
মিজানের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দ্বিতীয় ব্যক্তিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সৈনিকদের একজন হিসেবে বর্ণনা করা হয়েছে। তার বিরুদ্ধে মোসাদের কাছে তথ্য পাঠানোর পাশাপাশি ইরান ইন্টারন্যাশনালকেও তথ্য সরবরাহের অভিযোগ আনা হয়েছে।
ইরান সরকারের অভিযোগ, বিদেশে নির্বাসিত ইরানি ভিন্নমতাবলম্বীদের পরিচালিত শীর্ষ সংবাদমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’ আসলে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার হয়ে আড়ালে কাজ করে। তবে সংবাদমাধ্যমটি এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



