ছবি: সংগৃহীত
বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও (মান্থলি পে অর্ডার) বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই নতুন ভর্তি নীতিমালা জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের এই কঠোর পদক্ষেপে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নীতিমালায় বলা হয়েছে, একই শিক্ষাপ্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অবস্থাতেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না। তবে প্রতিবছর নিয়মিত সেশন চার্জ নেওয়ার বিধান বহাল রাখা হয়েছে।
অনলাইন আবেদন ফরমের দামেও সুনির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে। প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির ক্ষেত্রে এ মূল্য সর্বোচ্চ ২৫০ টাকা পর্যন্ত হতে পারবে।
এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত সব শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন ফরম বাবদ সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত আদায় করতে পারবে। এই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত অর্থ আদায় করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থানের ওপর ভিত্তি করে সেশন চার্জসহ ভর্তি ফি’র সর্বোচ্চ সীমাও আলাদাভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। মফস্বল এলাকায় এ খাতে সর্বোচ্চ ৫০০ টাকা এবং উপজেলা পৌর এলাকায় ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
জেলা সদর পৌর এলাকায় ভর্তি ফি সর্বোচ্চ ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্যান্য মহানগরে ৩ হাজার টাকা পর্যন্ত নেওয়া যাবে। এলাকার অর্থনৈতিক অবস্থা বিবেচনা করেই এই শ্রেণিবিন্যাস করা হয়েছে।
ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ফি’র হার কিছুটা আলাদা রাখা হয়েছে। ঢাকা মহানগরের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তিতে সর্বোচ্চ ৫ হাজার টাকা আদায় করতে পারবে।
অন্যদিকে, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার এবং ইংরেজি ভার্সনে ১০ হাজার টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
নির্ধারিত এই ফি’র মধ্যেই মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফি অন্তর্ভুক্ত থাকবে। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন ফি’র নামে ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।
দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্থিক বিষয়টিও নীতিমালায় বিশেষ গুরুত্ব পেয়েছে। এসব শিক্ষার্থীর ভর্তির সময় নির্ধারিত ফি যথাসম্ভব মওকুফ করার ব্যবস্থা করতে হবে।
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বেতন ও টিউশন ফি বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২৭ অক্টোবর জারি করা নির্দিষ্ট পরিপত্র কঠোরভাবে অনুসরণ করতে হবে।
আবেদন প্রক্রিয়া শেষে স্বচ্ছতা নিশ্চিত করতেও নির্দেশনা দেওয়া হয়েছে। আবেদন গ্রহণের শেষ সময় পার হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষকে শ্রেণিভিত্তিক বিক্রি ও জমা পড়া ফরমের সংখ্যা নির্ধারিত ছকে ভর্তি কমিটির কাছে পাঠাতে হবে।
ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে মান বজায় রাখার তাগিদ দেওয়া হয়েছে। প্রশ্নপত্র হতে হবে সম্পূর্ণ মানসম্মত, শ্রেণি উপযোগী এবং সংশ্লিষ্ট শ্রেণির আগের শ্রেণির এনসিটিবি পাঠ্যবই অনুসরণ করে তৈরি।
পরীক্ষার দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আলো-বাতাস ও উপযুক্ত আসনবিন্যাস নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিতে পারবে কর্তৃপক্ষ।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



