ছবি: সংগৃহীত
বাংলাদেশের ব্যাংকিং খাতে আবারও আলোচনায় এসেছে আরেকটি বড় আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের সন্দেহজনক ঘটনা। এবার অনুসন্ধানের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী—যার মালিকানাধীন প্রতিষ্ঠান এস. এন. করপোরেশন লিমিটেড বিদেশি শেল কোম্পানির সঙ্গে সন্দেহজনক জাহাজ আমদানি ও বিপুল আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে দুদক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নজরে এসেছে।
বিএফআইইউ’র সর্বশেষ অনুসন্ধান প্রতিবেদনে উঠে এসেছে, শওকত আলী ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১৮৭টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৮ হাজার কোটি টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। এই বিপুল লেনদেনের উৎস, ব্যবহার, এবং বৈদেশিক সম্পদের সংযোগ যাচাই করতে দুদক আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে।
প্রতিবেদনে দেখা যায়, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের একই ঠিকানায় নিবন্ধিত তিনটি কোম্পানি—রেড রুবি গ্রুপ লিমিটেড (Red Ruby Group Limited), ট্যালেন্ট মাইল লিমিটেড (Talent Mile Limited) এবং কলাম্বিয়া সিস লিমিটেড (Columbia Seas Ltd.)—থেকে জাহাজ আমদানি করেছে এস. এন. করপোরেশন।
এই তিনটি কোম্পানিরই কোনো কার্যকর অস্তিত্ব নেই বলে জানিয়েছে বিএফআইইউ। অর্থাৎ, কোম্পানিগুলোর প্রকৃত ব্যবসায়িক অবস্থান, কার্যালয় বা লেনদেনের রেকর্ড খুঁজে পাওয়া যায়নি। অথচ ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চট্টগ্রাম শাখা এই তিন কোম্পানির পক্ষে এস. এন. করপোরেশনের জন্য তিনটি বড় ঋণপত্র (এলসি) স্থাপন করে—যার মোট মূল্য ছিল প্রায় ১ কোটি ডলারের বেশি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকারও বেশি)।
এই লেনদেনগুলোর মধ্যে রয়েছে—
-
২০১৫ সালের এলসি নং ২৪৯৪১৫০২০০৩৯: মূল্য ৭৪.৯৬ লাখ মার্কিন ডলার,
-
২০২০ সালের এলসি নং ২৪৯৪২০০১০০২৫: মূল্য ৪.৬৪ লাখ ডলার,
-
২০২৩ সালের এলসি নং ২৪৯৪২৩০১০০১৩: মূল্য ২১.৪১ লাখ ডলার।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত হওয়ায় এমন দেশভিত্তিক লেনদেনে ব্যাংকগুলোকে Enhanced Due Diligence (ইডিডি) বা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয়। কিন্তু স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তা না করে এই এলসিগুলো স্থাপন করে—যা বাংলাদেশ ব্যাংকের ২০১৮ সালের বৈদেশিক মুদ্রা লেনদেনবিষয়ক গাইডলাইনস ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশনস সরাসরি লঙ্ঘন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
বিএফআইইউ আরও জানায়, ট্যালেন্ট মাইল লিমিটেডের ইমেইল ঠিকানা রেড রুবি গ্রুপের সঙ্গে একই—যা ইঙ্গিত করে যে দুই কোম্পানিই একই ব্যক্তির নিয়ন্ত্রণে পরিচালিত শেল কোম্পানি হতে পারে। ফলে এই তিনটি কোম্পানির সঙ্গে লেনদেনগুলো মূলত অর্থ পাচার বা অবৈধ সম্পদ স্থানান্তরের কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে কি না, সে বিষয়েও অনুসন্ধান শুরু হয়েছে।
বিএফআইইউ ২০১২ সাল থেকে এস. এন. করপোরেশনের ১৪১টি জাহাজ আমদানির এলসি পর্যালোচনা করেছে। এর মধ্যে ১১টি এলসির নথিতে দেখা গেছে, জাহাজের চূড়ান্ত গন্তব্য চট্টগ্রাম বন্দর দেখানো হলেও আন্তর্জাতিক রেকর্ডে (বিশেষত ব্রিটিশ সামুদ্রিক পত্রিকা Lloyd’s List অনুযায়ী) অনেক ক্ষেত্রে তথ্য অসামঞ্জস্যপূর্ণ।
একাধিক জাহাজের নাম, মালিকানা, এবং গন্তব্য সম্পর্কিত তথ্য ভিন্ন ভিন্ন উৎসে পরস্পরবিরোধী পাওয়া গেছে, যা অর্থ পাচারের সঙ্গে সম্পর্কিত জালিয়াতির ইঙ্গিত দেয়।
সাধারণত বাংলাদেশে স্ক্যাপ ভেসেল (Scrap Vessel) আমদানি করা হয় চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলের শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে। এসব পুরোনো জাহাজ ভেঙে সংগ্রহ করা হয় লোহা, তামা, অ্যালুমিনিয়াম ও অন্যান্য ধাতব উপকরণ, যা দেশের রড ও ইস্পাত শিল্পে ব্যবহৃত হয়। কিন্তু এস. এন. করপোরেশনের অনেক জাহাজের আগমন বা ভাঙার রেকর্ড শিপিং কর্তৃপক্ষের কাছে পাওয়া যায়নি—যা লেনদেনের অস্বচ্ছতা আরও স্পষ্ট করে।
বিএফআইইউ ও দুদকের অনুসন্ধানে জানা যায়, শওকত আলী, তার স্ত্রী তাসমিয়া আম্বারীন, কন্যা যারা নামরীন, পুত্র জারান আলী চৌধুরী ও তাদের নিয়ন্ত্রিত কোম্পানিগুলোর নামে ২৮টি ব্যাংকে ১৮৭টি হিসাব চালু রয়েছে।
এর মধ্যে—
-
শওকত আলীর নামে ১৪টি হিসাব,
-
তাসমিয়া আম্বারীনের নামে ১৫টি,
-
যারা নামরীনের নামে ৯টি,
-
জারান আলীর নামে ৩টি,
-
এবং স্বার্থসংশ্লিষ্ট কোম্পানিগুলোর নামে ১৪৬টি হিসাব পাওয়া গেছে।
২০২৫ সালের ১৫ জুলাই পর্যন্ত এসব হিসাবে ৮৪০৭.৯ কোটি টাকা জমা এবং ৮২৪৭.৫ কোটি টাকা উত্তোলন হয়েছে। বর্তমানে যৌথভাবে হিসাবগুলোর মোট স্থিতি প্রায় ১৭৩.৫৩ কোটি টাকা।
অনুসন্ধানে বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য।
-
ঢাকা ব্যাংক পিএলসি, জুবিলি রোড শাখা: এখানে ২০০৪–২০১৭ সাল পর্যন্ত শওকত আলীর একটি ব্যক্তিগত “প্লাটিনাম অ্যাকাউন্ট”-এ ৩৯৮ কোটি টাকা জমা ও সমপরিমাণ উত্তোলন হয়েছে। অথচ এটি ব্যবহৃত হয়েছে এস. এন. করপোরেশনের ব্যবসায়িক লেনদেনে, যা কর ফাঁকির ইঙ্গিত দেয়।
-
ইস্টার্ন ব্যাংক পিএলসি, আগ্রাবাদ শাখা: শওকত আলীর ব্যক্তিগত প্রিমিয়াম সেভিংস হিসাব থেকে ১২৫ বার নগদ উত্তোলন করেছেন ব্যাংকের কোম্পানি সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, যা ক্ষমতার অপব্যবহারের ইঙ্গিত বহন করে।
-
একই শাখায় শওকতের কন্যা যারা নামরীনের অ্যাকাউন্টে ২০১৫ সাল থেকে ৩১ কোটি টাকা জমা হয়েছে—যা তার ঘোষিত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এখানেও ব্যাংক সেক্রেটারির মাধ্যমে ৯৮ বার নগদ উত্তোলন হয়েছে।
-
মিডল্যান্ড ব্যাংক, আগ্রাবাদ শাখা: শওকতের ছেলে জারান আলী চৌধুরীর নামে থাকা হিসাব থেকে এস. এন. করপোরেশন ও শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করা হয়েছে, যেখানে তার পেশা ছাত্র হিসেবে দেখানো হয়েছে।
-
মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক, জুবিলি রোড শাখা: এস. এন. করপোরেশনের হিসাব থেকে নামরীন এন্টারপ্রাইজ ও শিপ ব্রেকিং খাতের আরও কয়েকটি প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তর হয়েছে।
-
সি সিটি ব্যাংক পিএলসি, আগ্রাবাদ শাখা: শওকত আলীর ব্যক্তিগত হিসাবে ১০৬ কোটি টাকা জমা ও তা এস. এন. করপোরেশনে স্থানান্তর করা হয়েছে; আরও ৩ কোটি টাকা মিডওয়ে সিকিউরিটিজে বিনিয়োগ করা হয়েছে।
-
দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, আগ্রাবাদ শাখা: এখান থেকে শাখা কার্যালয় অনুমোদন ছাড়াই এস. এন. করপোরেশনকে ২৬.৯ কোটি টাকার এলটিআর সুবিধা দেয়, যা পরে প্রধান কার্যালয়ের পোস্ট-ফ্যাক্টো অনুমোদন নেয়—স্পষ্টতই ব্যাংকিং নীতি ও বিধির লঙ্ঘন।
বিএফআইইউ জানায়, শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিদেশি সম্পদ, বিনিয়োগ ও শেয়ারহোল্ডিং সম্পর্কিত তথ্য এখনও সংগ্রহাধীন। ইতোমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ভূমি মন্ত্রণালয়, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও অন্যান্য সরকারি সংস্থা থেকে তথ্য নেওয়া হয়েছে।
বিএফআইইউ ও দুদকের কর্মকর্তারা মনে করছেন, এই বিপুল পরিমাণ লেনদেনের একটি বড় অংশই “পেপার ট্রানজেকশন” বা কাগুজে হিসাবের আওতায় পড়ছে—যেখানে প্রকৃত অর্থপ্রবাহের উৎস অস্পষ্ট।
এই বিষয়ে জানতে ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনো উত্তর দেননি। তার কাছে লিখিত প্রশ্ন পাঠানো হলেও সেখান থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে ব্যাংকিং খাতের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শওকত আলী দীর্ঘদিন ধরে শিপ ব্রেকিং ব্যবসার সঙ্গে যুক্ত। এই খাতে অর্থ লেনদেন সাধারণত জটিল এবং বহুস্তরীয় হওয়ায় তা যাচাই কঠিন। কিন্তু সাম্প্রতিক তদন্তে তার পরিবারের বিভিন্ন অ্যাকাউন্টে বারবার নগদ উত্তোলন, আন্তঃহিসাব স্থানান্তর ও অস্পষ্ট বিনিয়োগের ধারা এটিকে কেবল ব্যবসায়িক হিসাব হিসেবে ব্যাখ্যা করা কঠিন করে তুলেছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের লেনদেন আর্থিক খাতের জন্য উদ্বেগজনক। কারণ, ব্যাংকের চেয়ারম্যান পর্যায়ের কোনো ব্যক্তি যদি নিজ প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপকদের মাধ্যমে ঘন ঘন নগদ উত্তোলন করেন, তা শুধু নীতিগত নয়, নৈতিক ঝুঁকিও তৈরি করে।
বিএফআইইউ ইতোমধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দুদকের কাছে হস্তান্তর করেছে। দুদক সূত্র জানায়, প্রয়োজনীয় প্রমাণ ও দলিল-দস্তাবেজ সংগ্রহের পর শওকত আলী চৌধুরী, তার পরিবারের সদস্য এবং এস. এন. করপোরেশনের শীর্ষ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে।
একজন দুদক কর্মকর্তা বলেন, “এই তদন্তটি জটিল ও উচ্চপর্যায়ের। এখানে শুধু কর ফাঁকি নয়, বৈদেশিক মুদ্রা লেনদেন আইন ও অর্থ পাচার প্রতিরোধ আইন লঙ্ঘনের আশঙ্কাও রয়েছে। প্রমাণ মজবুত হলে মামলা দায়ের অনিবার্য।”
সব মিলিয়ে ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও তার পরিবারের বিপুল আর্থিক লেনদেন বাংলাদেশের ব্যাংকিং খাতে স্বচ্ছতা, নৈতিকতা ও দায়বদ্ধতার প্রশ্নকে আবারও সামনে নিয়ে এসেছে।
বাংলাবার্তা/এসজে
.png)
.png)
.png)



