ছবি: সংগৃহীত
পশুর নদীর নাব্যতা কমে যাওয়ায় বড় ধরনের সংকটে পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা। পানির গভীরতা না থাকায় বড় জাহাজগুলো সরাসরি বন্দরের জেটিতে ভিড়তে পারছে না। গত চার বছরের পরিসংখ্যানে দেখা গেছে, মোংলা বন্দরে বিদেশি ও দেশি জাহাজ আসার সংখ্যা প্রায় ৪২ শতাংশ কমে গেছে। ফলে বন্দরে প্রবেশের আগেই বহির্নোঙরে অর্ধেক পণ্য নামিয়ে রাখতে হচ্ছে। এতে আমদানিকারক ও ব্যবসায়ীদের বাড়তি অর্থ ও সময় দুটিই নষ্ট হচ্ছে।
সময়মতো পণ্য পরিবহনে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অনেক ব্যবসায়ী এখন চট্টগ্রাম বন্দরকে বেছে নিচ্ছেন। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে মোংলা বন্দরে জাহাজের আনাগোনায়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরে বন্দরটিতে মাত্র ৯৮৭টি জাহাজ এসেছে। একই সময়ে বন্দর ছেড়ে গেছে ৯৯৪টি জাহাজ। ২০১৬-১৭ অর্থবছরের পর এটিই বন্দরটিতে সর্বনিম্ন জাহাজ আগমনের রেকর্ড।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২১-২২ অর্থবছরে মোংলা বন্দরে সর্বোচ্চ ১ হাজার ৭১২টি জাহাজ এসেছিল। এরপর থেকে প্রতি বছরই জাহাজ আসার সংখ্যা ধারাবাহিকভাবে কমতে থাকে।
২০২২-২৩ অর্থবছরে বন্দরে জাহাজ এসেছিল ১ হাজার ২২৩টি। পরের অর্থবছর অর্থাৎ ২০২৩-২৪ সালে তা আরও কমে ১ হাজার ৮৯টিতে দাঁড়ায়।
২০২৪-২৫ অর্থবছরে জাহাজ আগমনের সংখ্যা নেমে আসে ১ হাজার ৫২টিতে। আর সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা এক হাজারের নিচে নেমে ৯৮৭টিতে ঠেকেছে।
হিসাব অনুযায়ী, মাত্র চার বছরের ব্যবধানে মোংলা বন্দরে জাহাজ আসার সংখ্যা কমেছে ৭২৫টি। একই সময়ে বন্দর থেকে জাহাজের প্রস্থানও কমেছে ৭১৪টি।
বিশেষ করে ভারত-বাংলাদেশ নৌ-প্রটোকল এবং অন্যান্য শ্রেণির জাহাজ চলাচলে বড় ধরনের ধস নেমেছে। ২০২১-২২ অর্থবছরে এই শ্রেণিতে ৮২৬টি জাহাজ এসেছিল।
কিন্তু গত অর্থবছরে এই সংখ্যা কমে মাত্র ১৭২টিতে দাঁড়িয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরেও এই নেতিবাচক ধারা অব্যাহত রয়েছে।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বন্দরে মাত্র ২১৩টি জাহাজ এসেছে। সে হিসাবে মাসিক গড় দাঁড়াচ্ছে প্রায় ৭১টি, যা আগের অর্থবছরের মাসিক গড় ৮২টির চেয়েও বেশ কম।
বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটের তথ্য বলছে, জেটি ও মুরিং বয়ায় ৬ থেকে ৯ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ নোঙরের সুযোগ রয়েছে। এছাড়া সর্বোচ্চ ২২৫ মিটার দীর্ঘ জাহাজ বন্দরে প্রবেশ করতে পারে।
তবে পশুর চ্যানেলের গভীরতা মূলত জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল। সাগরের প্রবেশমুখে ব্যাপক পলি জমে অগভীরতা তৈরি হওয়ায় বড় জাহাজ চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে।
শুধুমাত্র বর্ষা মৌসুমে পূর্ণিমা ও অমাবস্যার ভরা জোয়ারে ১০ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ চলাচলের সুযোগ পাওয়া যায়। বছরের বাকি সময় নাব্যতা সংকট প্রকট থাকে।
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, খুলনার চেয়ারম্যান ক্যাপ্টেন মো. রফিকুল ইসলাম এই সংকটের ভয়াবহতা তুলে ধরেছেন। তিনি জানান, বড় জাহাজকে বহির্নোঙরে প্রায় অর্ধেক পণ্য খালাস করে অবশিষ্ট মালামাল নিয়ে বন্দরে আসতে হচ্ছে।
এতে জাহাজগুলোর পরিচালন ব্যয় অনেক বেড়ে যাচ্ছে। নাব্যতা অনুকূলে না থাকায় জাহাজ মালিকরা এখন বিকল্প বন্দর হিসেবে চট্টগ্রামকে বেছে নিচ্ছেন।
ক্যাপ্টেন রফিকুল ইসলাম আরও বলেন, কোনো জাহাজ মালিক মোংলায় আসতে রাজি হলেও তারা স্বাভাবিকের চেয়ে অনেক বাড়তি ভাড়া দাবি করছেন। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
অন্যদিকে, মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী সংকটের আরেকটি দিক সামনে এনেছেন। তিনি জানান, কনটেইনারবাহী ও গ্যাস পরিবহনকারী জাহাজের সংখ্যা কমে যাওয়াও এই অবস্থার অন্যতম কারণ।
পণ্য পাঠানোর নির্ধারিত সময়সূচি রক্ষা করতে না পারায় রপ্তানিকারকরাও এখন চট্টগ্রামমুখী হচ্ছেন। কারণ, নির্ধারিত সময়ে পণ্য না পৌঁছালে বিদেশি ক্রেতারা তা গ্রহণে অস্বীকৃতি জানাতে পারেন।
নাব্যতা সংকটের পাশাপাশি ব্যবসায়ীরা সড়ক যোগাযোগ ও শুল্কায়ন কার্যক্রমের ধীরগতির অভিযোগও তুলেছেন। তাদের দাবি, বন্দরের কাস্টমস কার্যক্রমে এখনো পুরনো পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।
ব্যবসায়ীদের অভিযোগ, কাস্টমসের প্রচলিত ম্যানুয়াল পদ্ধতিতে মাত্র এক দিনের কাজ শেষ করতে ১১ দিন পর্যন্ত সময় লেগে যাচ্ছে। এই দীর্ঘসূত্রতা ব্যবসার খরচ আরও বাড়িয়ে দিচ্ছে।
দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে কাস্টমসে আধুনিক ডিজিটাল ব্যবস্থা চালুর জোর দাবি জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা।
তবে জাহাজের সংখ্যা ব্যাপকভাবে কমলেও পণ্য ওঠানামার পরিমাণ বেড়েছে বলে দাবি করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। বন্দরটির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক লিখিত বক্তব্যে এই দাবি করা হয়।
বক্তব্যে জানানো হয়, ২০১৫-১৬ অর্থবছর থেকে বর্তমান সময়ের মধ্যে বন্দরটিতে সর্বোচ্চ পরিমাণ কার্গো হ্যান্ডলিং হয়েছে। অর্থাৎ কম সংখ্যক জাহাজে বেশি পণ্য পরিবহন করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের মতে, শুধুমাত্র নাব্যতা নয়; আন্তর্জাতিক বাণিজ্য, বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মতো বিষয়গুলোও এর পেছনে দায়ী। এ ছাড়া বন্দর ব্যবহারের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন কারণে জাহাজের সংখ্যা ওঠানামা করে বলে মনে করে সংস্থাটি।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



