ছবি: সংগৃহীত
চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলমের দুই পুত্র আশরাফুল আলম ও আসাদুল আলম মাহিকে অবৈধভাবে ৭৫ কোটি টাকার কর সুবিধা দেওয়ার ঘটনায় যুগ্ম কর কমিশনার এ কে এম শামসুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। ফলে তাকে সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী দুই ধাপ বেতন অবনমনের শাস্তি দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
বুধবার (১২ নভেম্বর) এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, বিভাগীয় তদন্তে শামসুজ্জামানের বিরুদ্ধে আনা সব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাঁর দায়িত্বে অবহেলা, আইন লঙ্ঘন ও উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপের কারণে সরকারের প্রায় ৭৫ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
এ কে এম শামসুজ্জামান কর অঞ্চল–১, চট্টগ্রামের পরিদর্শী রেঞ্জ–৪ এ যুগ্ম কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ অনুযায়ী, তিনি আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ১৯এএএএএ ধারার বিধান লঙ্ঘন করে ২০২০–২০২১ করবর্ষে আশরাফুল আলম ও আসাদুল আলম মাহির সার্বজনীন স্ব-নির্ধারণী আয়কর রিটার্ন যাচাইয়ের সময় ৭৫ কোটি টাকার প্রযোজ্য কর সরকারি কোষাগারে জমা না দিয়েই রিটার্ন অনুমোদন দেন।
তদন্তে দেখা গেছে, ওই দুই করদাতার জমাকৃত পে-অর্ডারগুলোর কোনো যাচাই-বাছাই ছাড়াই তিনি কাগজপত্রে ‘জমা সম্পন্ন’ হিসেবে স্বাক্ষর দেন। অথচ ওই পে-অর্ডারগুলো ব্যাংকে জমা না হয়ে অবৈধভাবে বাতিল করা হয়, যার ফলে জাতীয় কোষাগার সরাসরি ৭৫ কোটি টাকার রাজস্ব হারায়।
শুধু তাই নয়, এনবিআর সূত্র জানায়, শামসুজ্জামান করদাতা দুই ভাইয়ের পক্ষ থেকে ‘মিথ্যা শুনানি বিবৃতি’ নিজ হাতে আয়কর ফাইলে সংযুক্ত করেন। এতে তিনি আইনগত প্রক্রিয়া উপেক্ষা করে করদাতাদের অবৈধ সুবিধা দিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এই ঘটনায় এনবিআর প্রথমে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে এবং তাকে সাময়িকভাবে বরখাস্ত করে। এরপর তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে জবাব চাওয়া হয়। গত ৬ নভেম্বর তার ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন এনবিআরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুনানিতে শামসুজ্জামান নিজের পক্ষে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দেন, তবে তা তদন্ত কমিটিকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়।
পরে তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণাদি—অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট, কর ফাইল, সাক্ষ্য ও অফিস নথি পর্যালোচনা শেষে দেখা যায়, তার অনিয়মের ফলে সরকার রাজস্ব হারিয়েছে। তাই বিধিমালার ৪(২)(ঘ) ধারার আওতায় তাকে ‘বেতন গ্রেডের দুই ধাপ অবনমনের’ শাস্তি দেওয়া হয়। অর্থাৎ তাঁর বর্তমান মূল বেতন ৬১ হাজার ২০০ টাকা থেকে কমিয়ে ৫৬ হাজার ৩০ টাকায় নামানো হয়েছে। একই সঙ্গে তার সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়, তবে তিনি এখন ‘দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা’ হিসেবে বিবেচিত থাকবেন।
এই ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ১৭ অক্টোবর, যখন এনবিআর তদন্তে পায় যে, চট্টগ্রাম কর অঞ্চল–১ এর তিন কর্মকর্তা—অতিরিক্ত কর কমিশনার সাইফুল আলম, যুগ্ম কর কমিশনার শামসুজ্জামান এবং সহকারী কর কমিশনার আমিনুল ইসলাম—মিলে এস আলমের দুই পুত্রের কর ফাঁকি ও সম্পদ বৈধতা প্রক্রিয়ায় অনিয়মে জড়িত ছিলেন।
তদন্তে উঠে আসে, আশরাফুল আলম ও আসাদুল আলম মাহির নামে থাকা প্রায় ৫০০ কোটি টাকার অপ্রদর্শিত সম্পদ বৈধ করার প্রক্রিয়ায় তাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেন। তারা এমনভাবে রিটার্ন ও কর নথি প্রণয়ন করেন যাতে ওই বিপুল অর্থ ‘আয়কর অধ্যাদেশের নির্দিষ্ট ধারা অনুযায়ী বৈধ দেখানো যায়’।
এনবিআর প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পর ওই তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয় বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানায় এবং ১৯ অক্টোবর দুদকের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠায়।
দুদক বর্তমানে এ তিন কর্মকর্তার বিরুদ্ধে আলাদা অনুসন্ধান চালাচ্ছে। অনুসন্ধান সূত্রে জানা গেছে, কর্মকর্তাদের সম্পদ বিবরণী, ব্যাংক লেনদেন এবং পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদ যাচাই করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে যে, কর ফাঁকি প্রক্রিয়া সফল করতে শামসুজ্জামান ও অন্য দুই কর্মকর্তা করদাতা দুই ভাইয়ের সঙ্গে একাধিক বৈঠক করেন, যেখানে আর্থিক সমঝোতার বিষয়েও আলোচনা হয়।
দুদকের এক কর্মকর্তা জানান, “এই ঘটনা শুধু কর ফাঁকি নয়, বরং সরকারি ক্ষমতার অপব্যবহারের একটি বড় উদাহরণ। একজন কর্মকর্তা যখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজস্ব ক্ষতি করেন, তখন তা দেশের অর্থনৈতিক শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ।”
অর্থনীতিবিদরা বলছেন, এনবিআরের এ ধরনের কঠোর প্রশাসনিক ব্যবস্থা ভবিষ্যতে কর প্রশাসনে স্বচ্ছতা আনতে সহায়ক হবে। বাংলাদেশ ইকোনমিক ফোরামের চেয়ারম্যান ড. মাহবুব হোসেন বলেন, “রাজস্ব ফাঁকি বা অভ্যন্তরীণ অনিয়মই আমাদের রাজস্ব আয় বৃদ্ধির সবচেয়ে বড় বাধা। কর্মকর্তাদের ওপর নজরদারি ও জবাবদিহি না থাকলে কর ব্যবস্থার প্রতি জনগণের আস্থা হারিয়ে যায়।”
তিনি আরও বলেন, “এ ধরনের পদক্ষেপ শুধু শাস্তি নয়, বরং একটি বার্তা—যে কেউ কর ফাঁকি বা ঘুষ-দুর্নীতির আশ্রয় নিলে তাকে ছাড় দেওয়া হবে না।”
চট্টগ্রামের এই ঘটনাটি বর্তমানে এনবিআর ও দুদক—উভয় সংস্থার নজরদারিতে রয়েছে। যদিও যুগ্ম কর কমিশনার শামসুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি কার্যকর হয়েছে, তবে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ফৌজদারি মামলা হতে পারে। একই সঙ্গে আশরাফুল আলম ও আসাদুল আলম মাহির বিরুদ্ধে আয়কর ও দুর্নীতি দমন আইনে নতুন মামলা করার প্রস্তুতিও চলছে।
অর্থনীতিবিদ ও কর বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের রাজস্ব ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে এমন অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করলে জাতীয় রাজস্ব আয় বৃদ্ধি এবং কর প্রশাসনের বিশ্বাসযোগ্যতা দুই-ই বাড়বে।
বাংলাবার্তা/এসজে
.png)
.png)
.png)



