ছবি: সংগৃহীত
সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হামজা দেওয়ান, ফারহান আলী ওয়াহিদসহ সতীর্থদের নৈপুণ্যে বড় জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। সপ্তম মিনিটে হামজা দেওয়ানের ক্রস থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে প্রথম গোল করেন সামিত সোম। ফিরতি শটে জালের দেখা পান তিনি।
প্রথমার্ধের ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা। ইব্রাহিমের বাড়ানো বল দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের আক্রমণের ধার আরও বাড়ে। ৫৪ মিনিটে দুর্দান্ত একক নৈপুণ্যে গোল করেন ফারহান আলী ওয়াহিদ। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে আরও দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে অসাধারণ শটে বল জালে পাঠান তিনি। ফারহানের এই গোলটি ম্যাচের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।
এরপরও আক্রমণ অব্যাহত রাখে বাংলাদেশ। ম্যাচের ৮৭ মিনিটে গোলরক্ষকের সঙ্গে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে বল তার মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে দলের চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। অন্যদিকে ৪-০ গোলের পরাজয়ে গোল ব্যবধানে পিছিয়ে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়েছে। গ্রুপের রানার্সআপ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভুটান।
ম্যাচে হামজার নেতৃত্বে বাংলাদেশের গোছানো ফুটবল, আক্রমণাত্মক মানসিকতা এবং খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো।
আগামী ১৪ নভেম্বর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



