ছবি: সংগৃহীত
পণ্য খালাসের সময়সীমা ২৫ শতাংশ কমিয়ে আনা এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ১ হাজার ৬৮৬ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন করা হচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস।
দেশের সর্বোচ্চ রাজস্ব আদায়কারী এই গুরুত্বপূর্ণ শুল্ক স্টেশনটির অবকাঠামোগত সংস্কার ও নতুন ভবন নির্মাণের কাজ শুরুর লক্ষ্যে ইতোমধ্যে কাস্টমসের যাবতীয় কার্যক্রম আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্যমতে, গত ১ নভেম্বর থেকে সাতটি শুল্কায়ন গ্রুপের কার্যক্রম নতুন স্থানে অস্থায়ীভাবে শুরু হয়েছে। অবশিষ্ট ছয়টি শুল্কায়ন গ্রুপের কার্যক্রম ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। নতুন প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে তিন বছর। এই তিন বছর কার্যক্রম পরিচালনার জন্য আন্তর্জাতিক বাণিজ্যের মূল কেন্দ্র আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকেই অস্থায়ী কার্যালয় হিসেবে বেছে নেওয়া হয়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার ও মুখপাত্র শরীফ আল আমিন জানান, দেশের মোট আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ এই শুল্ক স্টেশনটির মাধ্যমেই পরিচালিত হয়। প্রকল্পটির নির্মাণকাজ শেষ হলে কাস্টমসের পরিচালন দক্ষতা ও রাজস্ব সংগ্রহের সক্ষমতা অনেকাংশেই বৃদ্ধি পাবে।
তিনি আরও জানান, নতুন অবকাঠামো নির্মাণের জন্য কাস্টমসের বর্তমান সব বিদ্যমান পুরোনো স্থাপনা ভেঙে ফেলা হবে। এই প্রকল্পে মূলত প্রযুক্তিনির্ভর সেবা প্রদান এবং মানবসম্পদের আধুনিক প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ‘কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন’ শিরোনামের এই বিশাল প্রকল্পটি বাস্তবায়ন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই প্রকল্পে মূল অর্থায়ন জোগাচ্ছে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক।
২০২৩ সালে অনুমোদিত মোট ১ হাজার ৬৮৬ কোটি ৪৭ লাখ টাকার বাজেটের মধ্যে বিশ্বব্যাংক প্রদান করছে ১ হাজার ৪৭৫ কোটি ৪৮ লাখ টাকা, যা প্রকল্পটির মোট ব্যয়ের ৮৭ দশমিক ৪৯ শতাংশ। বাকি ২১০ কোটি ৯৯ লাখ টাকার জোগান দিচ্ছে বাংলাদেশ সরকার। প্রকল্প বাজেটের সিংহভাগ—প্রায় ১ হাজার ৪১৪ কোটি ৭১ লাখ টাকা ব্যয় করা হবে অবকাঠামো নির্মাণ, নতুন ভবন ও আন্তর্জাতিক মানের আধুনিক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার কাজে।
প্রকল্পের আওতায় কাস্টমসের বিদ্যমান ৬ দশমিক ৭৫ একর জায়গায় পরিবেশবান্ধব সনদের তিন বেজমেন্ট, নিচতলা ও ১৫ তলাবিশিষ্ট একটি সম্পূর্ণ নতুন কাস্টম হাউস ভবন নির্মাণ করা হবে। এর পাশাপাশি পৃথক একটি পরীক্ষাগার ও গুদাম কমপ্লেক্স তৈরি করা হবে, যা এক বেজমেন্ট, নিচতলা এবং ছয় তলার আধুনিক স্থাপনা হিসেবে আত্মপ্রকাশ করবে।
নতুন এই কমপ্লেক্সে সর্বাধুনিক কাস্টমস পরীক্ষাগার, প্রশাসনিক কক্ষ, নিরাপদ নথি সংরক্ষণ ব্যবস্থা, সুবিশাল গুদাম, মসজিদ, প্লাজা ও স্টাফ ক্যাফেটেরিয়ার সুব্যবস্থা রাখা হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের সততা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আমদানি পণ্যের সঠিক পরীক্ষা, ঘোষণাপত্র যাচাই এবং রাজস্ব ফাঁকি শনাক্তকরণের জন্য ১৩০ কোটিরও বেশি টাকা বাজেটে মোট ১ হাজার ৬০২টি উন্নত ল্যাব সরঞ্জাম কেনা হবে।
পুরো ভবনের অবকাঠামো তৈরি করা হবে শতভাগ পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে। যেখানে সৌরবিদ্যুৎ, বৃষ্টির পানি সংরক্ষণ, শক্তি-সাশ্রয়ী শীতাতপনিয়ন্ত্রণ ও অত্যাধুনিক বর্জ্য শোধন ব্যবস্থা সমন্বিত থাকবে।
কাস্টমস কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বহুগুণ বাড়াতে পৃথক ৩৮ দশমিক ৬৭ একর জমির ওপর নির্মিত হবে বিশ্বমানের ‘কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট প্রশিক্ষণ একাডেমি’। একাডেমির মূল ভবনের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বাসস্থান, আধুনিক ডরমিটরি, নিজস্ব স্কুল, কেন্দ্রীয় মসজিদ, পার্ক, বনাঞ্চল, সুইমিং পুল, প্রজাপতি উদ্যান ও বিস্তৃত খেলাধুলার মাঠ অন্তর্ভুক্ত থাকবে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে চট্টগ্রামে আমদানি-রপ্তানি পণ্য খালাসের গড় সময় বর্তমান ১১ দিন ৬ ঘণ্টা থেকে এক-তৃতীয়াংশ কমে আসবে।
একইসঙ্গে শুল্কায়ন প্রক্রিয়া স্বয়ংক্রিয় করার মাধ্যমে গ্রিন চ্যানেলের সুবিধা ও সরাসরি পণ্য পরীক্ষার হার বহুলাংশে কমিয়ে আনা সম্ভব হবে, যা ব্যবসায়ীদের সময় ও খরচ উভয়ই বাঁচাবে। বর্তমানে কাস্টমস কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে সোনালী ব্যাংকের শাখাসহ অন্যান্য সেবাগুলোকেও পর্যায়ক্রমে আগ্রাবাদের অস্থায়ী কার্যালয়ে স্থানান্তর করা হচ্ছে।
বাংলাবার্তা/এসজে
.png)
.png)
.png)



