ছবি: সংগৃহীত
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষা ও পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়েছে। এই আবেদনগুলো করেছেন মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তারা ইংরেজি ও আইসিটিসহ বিভিন্ন বিষয়ে খাতা পুনর্নিরীক্ষার আবেদন জানিয়েছেন।
এর মধ্যে শুধু ঢাকা শিক্ষা বোর্ডেই খাতা পুনর্নিরীক্ষণের জন্য ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি আবেদন জমা পড়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক অর্থাৎ ৪২ হাজার ২টি করে এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিষয়ে ৩৮ হাজার ৭৫টি আবেদন জমা পড়েছে, যা বোর্ডে সর্বোচ্চ। ইংরেজি ও আইসিটিতে পাসের হার কম হওয়ার কারণ হিসেবে মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন এবং শিক্ষক সংকটের কথা জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান।
এছাড়াও অন্যান্য বিষয়ের মধ্যে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ২৪ হাজার ৮৫৮টি করে, বিজ্ঞানের রসায়নে ১৮ হাজার ৪৮২টি এবং জীববিজ্ঞানে ১৫ হাজার ৭৫৭টি করে পুনর্নিরীক্ষার আবেদন পড়েছে। মানবিক বিভাগে পৌরনীতি ও সুশাসনে ৩ হাজার ৫৭১টি এবং সমাজকর্মে ১ হাজার ৯৯৭টি আবেদন জমা হয়েছে। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞানে ৩ হাজার ৮২৭টি এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ২ হাজার ৩৩১টি আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫২.১২ শতাংশ। ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং জিপিএ-৫ পান ৪০ হাজার ৮৪ জন।
আগামী ২৩ নভেম্বর খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান। এছাড়া খাতা মূল্যায়নে কোনো অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



