ছবি: সংগৃহীত
ঢাকার গুলশানে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার পথে হামলা ও গাড়ি ভাঙচুরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। এ ঘটনায় নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে মধ্যরাতে ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে ফেসবুক লাইভে আসেন পরীমনি। সেখানে তিনি জানান, রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় একদল মানুষের তোপের মুখে পড়েন তিনি। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন এই অভিনেত্রী।
পরীমনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তিনি গুলশান থানায় ফোন করতে বাধ্য হন। পরে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে পরিস্থিতি সামাল দিতে পুলিশকেও হিমশিম খেতে হয়েছে বলে দাবি করেন তিনি।
ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করে পরীমনি বলেন, ‘আমি থানায় ফোন করতে বাধ্য হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে, গাড়িতে উঠতে পারছিলাম না। ব্যাকস্টেজে বসে আছি, রাত একটার সময়। তারা কারা জানেন? ইয়োলো জার্নালিজম করে, সাংবাদিকতার নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে।’
তিনি আরও বলেন, ‘এখানে স্টলগুলো ভাঙচুর করেছে। এসবের দায়িত্ব কে নেবে? যাদের ক্ষতি হয়েছে, যেসব আর্টিস্ট হেনস্তার শিকার হলেন, তাদের ক্ষতির দায় কে নেবে?’
সাম্প্রতিক সময়ে পরীমনিকে ঘিরে বেশ কয়েকটি ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে তাঁর বিরোধের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই ঘটনার পর সাংবাদিকদের একাংশ তাঁকে বয়কটের ডাকও দেন।
সাম্প্রতিক বিরোধের প্রসঙ্গ টেনে পরীমনি বলেন, ‘যদি আমার প্রতি ক্ষোভ থাকে, তাহলে আমার সঙ্গে বসুক, আমার সঙ্গে বুঝুক। আমি পুরো পারফর্মেন্স করলাম, কেউ কিছু বলল না। এখানে তো অনেক মানুষ, সাধারণ মানুষ। তাদের মাঝে ঝামেলা করার সাহস হয়নি ওদের। এজন্য আমি পারফর্মেন্স শেষ করে বের হয়ে যাওয়ার সময় আমার গাড়িতে আক্রমণ করল।’
সবশেষে হামলা, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির দায় কার—এমন প্রশ্ন তুলে ঘটনার সুষ্ঠু জবাবদিহি দাবি করেন অভিনেত্রী। তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় কিংবা হামলার বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



