ছবি: সংগৃহীত
নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার আইনজীবীরা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন। রয়টার্স জানিয়েছে, তারা চিঠিটি দেখেছে।
চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে তাঁকে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়ে চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের বাধ্যবাধকতার কথাও উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান বলে এর আগে রয়টার্সকে জানিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।
সোমবার তাঁর সহযোগীরা জানিয়েছেন, দেশে ফেরার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে প্রত্যাবর্তনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।
এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা করা হচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং দলটির বহু নেতা-কর্মীর কারাবন্দি ও বিদেশে অবস্থানের প্রেক্ষাপটে তাঁর প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



