ছবি: সংগৃহীত
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।
গত বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে যারা অনধিক বা সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য (ফেল) হয়েছেন, কেবল তারাই এই বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
দুইয়ের অধিক বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা এই সুযোগের আওতায় আসবেন না। অকৃতকার্য শিক্ষার্থীদের ক্ষতি লাঘব এবং উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত রাখতে বোর্ড এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।
শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ ডিসেম্বর পরীক্ষা শুরুর দিন ধার্য করা হলেও বিষওয়াইজ বিস্তারিত রুটিন বা সময়সূচি খুব শিগগিরই প্রকাশ করা হবে।
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত সময়সূচি জেনে নিতে পারবেন। সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় দাপ্তরিক ও প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পরিসংখ্যানে বিশালসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার চিত্র উঠে এসেছে।
-
মোট পরীক্ষার্থী: দেশের ১১টি শিক্ষা বোর্ডের (৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড) অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নেন।
-
উত্তীর্ণ শিক্ষার্থী: মোট উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।
-
অকৃতকার্য শিক্ষার্থী: এ বছর পরীক্ষায় পাস করতে পারেননি মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী।
বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় শিক্ষা ব্যবস্থার সার্বিক ফলাফল নিয়ে যেমন আলোচনা তৈরি হয়েছে, তেমনি দুই বিষয়ে ফেল করা বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য ১ ডিসেম্বরের এই সাপ্লিমেন্টারি পরীক্ষা আবার নিয়মিত শিক্ষাবর্ষে ফেরার বড় সুযোগ তৈরি করে দিল।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



