ছবি: সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশে উৎপাদিত ও আমদানিকৃত সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহারের পদ্ধতিতে গুরুত্বপূর্ণ নতুন নিয়ম যুক্ত করেছে। এ লক্ষ্যে এনবিআর ‘উৎপাদিত বা আমদানিকৃত তামাকযুক্ত সিগারেটের মূল্য নির্ধারণসহ প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার পদ্ধতি বিধিমালা, ২০১৯’-এ অধিকতর সংশোধন এনেছে। কর ফাঁকি রোধ, রাজস্ব আদায় সুসংহত করা এবং বাজারে সিগারেটের স্তরভিত্তিক তদারকি বাড়াতেই এই পরিবর্তন আনা হয়েছে।
মূল্যভিত্তিক স্ট্যাম্প ও ব্যান্ডরোলের নতুন নিয়ম
এনবিআরের সংশোধিত বিধিমালা অনুসারে, বাজারে থাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য, প্যাকেটের ধরন (শেল অ্যান্ড স্লাইড কিংবা হার্ড অ্যান্ড সফট) এবং শলাকার সংখ্যার ওপর ভিত্তি করে নির্ধারিত ডিজাইনের স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার করতে হবে। সংশোধিত বিধিমালার আওতায় সর্বোচ্চ খুচরা মূল্যের চারটি ভিন্ন ভিন্ন স্ল্যাবের জন্য সুনির্দিষ্ট ডিজাইন ও রঙের স্ট্যাম্প-ব্যান্ডরোল নির্ধারণ করে দেওয়া হয়েছে:
| সর্বোচ্চ খুচরা মূল্য (প্রতি ১০ শলাকা) | প্যাকেটের ধরন ও শলাকা সংখ্যা | ব্যবহৃত স্ট্যাম্প/ব্যান্ডরোলের রং ও ধরন |
| ৬৫ টাকা বা তদূর্ধ্ব | ১০ শলাকার ‘শেল এন্ড স্লাইড’ প্যাকেট | হালকা সবুজ ডিজাইনের ব্যান্ডরোল |
| ৬৫ টাকা বা তদূর্ধ্ব | ১০ ও ২০ শলাকার ‘হার্ড এন্ড সফট’ প্যাকেট | হালকা খয়েরি ডিজাইনের স্ট্যাম্প |
| ৯২ টাকা বা তদূর্ধ্ব | ১০ শলাকার ‘শেল এন্ড স্লাইড’ প্যাকেট | হালকা গোলাপি ডিজাইনের ব্যান্ডরোল |
| ৯২ টাকা বা তদূর্ধ্ব | ১০ ও ২০ শলাকার ‘হার্ড এন্ড সফট’ প্যাকেট | হালকা সবুজ ডিজাইনের স্ট্যাম্প |
| ১৬০ টাকা বা তদূর্ধ্ব | ১০, ১২ ও ২০ শলাকার ‘হার্ড এন্ড সফট’ প্যাকেট | হালকা নীল ডিজাইনের স্ট্যাম্প |
| ২১০ টাকা বা তদূর্ধ্ব | ১০, ১২ ও ২০ শলাকার ‘হার্ড এন্ড সফট’ প্যাকেট | হালকা মেরুন ডিজাইনের স্ট্যাম্প |
প্রজ্ঞাপন ও গ্যাজেট প্রকাশনা
জাতীয় রাজস্ব বোর্ড গত ১৫ সেপ্টেম্বর মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক সংক্রান্ত সংক্রান্ত এই নতুন প্রজ্ঞাপনটি জারি করে। জারির পরদিন, অর্থাৎ ১৬ সেপ্টেম্বর প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।
প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, বিধি ৪ এবং সংশোধিত বিধি ৫-এর মূল উদ্দেশ্য পূরণের জন্য সিগারেটের প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য, ভেতরের শলাকার সংখ্যা, প্যাকেটের প্রকৃতি ও নির্ধারিত ডিজাইন অক্ষুণ্ণ রেখে বিধি ৬-এর বিধান সাপেক্ষে এই স্ট্যাম্প বা ব্যান্ডরোল প্রয়োগ করতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন এনবিআরের ভারপ্রাপ্ত সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। প্রজ্ঞাপনের নির্দেশনায় স্পষ্ট জানানো হয়েছে, এই সংশোধিত নিয়ম বিলম্ব না করে অবিলম্বে সারাদেশে কার্যকর বলে গণ্য হবে।
বাংলাবার্তা/এসজে
.png)
.png)
.png)



