ছবি: সংগৃহীত
নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি। তবে সব গ্রেডে সমান হারে বেতন বাড়বে না; গ্রেডভেদে বেতন বৃদ্ধির হার কিছুটা কমবেশি হতে পারে। নতুন কাঠামোটি দুই ধাপে কার্যকরেরও সুপারিশ করা হয়েছে। প্রথম বছরে শুধু মূল বেতন বাড়ানো হবে, আর পরের বছর বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা বাড়ানোর প্রস্তাব রয়েছে। গতকাল বুধবার জাতীয় বেতন কমিশন-২০২৫-এর সুপারিশ প্রণয়ন কমিটির বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বৈঠক শেষে কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, সুপারিশ প্রণয়ন কমিটির গতকালের শেষ বৈঠকে বেতন বাড়ানোর চূড়ান্ত প্রতিবেদনে সব সদস্যই সই করেছেন। নতুন বেতন কাঠামোয় ১ম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানোর ব্যাপারে সবাই একমত হয়েছেন। তবে আগামী দুই বছরে এই বেতন কাঠামো বাস্তবায়নের কথা বলা হয়েছে। তবে মন্ত্রিসভা চাইলে এটা পরিবর্তন করতে পারবে। এখন অর্থ বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আগামী সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার বৈঠকে এটি উপস্থাপন করবে।
জানা গেছে, সরকারি চাকরিজীবীদের জন্য সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। এরপর প্রতিবছর মূল বেতনের ওপর নির্ধারিত ৫ শতাংশ হারে বৃদ্ধি দেওয়া হলেও নতুন কোনো পে স্কেল চালু হয়নি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি কর্মচারীদের বেতন কাঠামো আরও পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়। এরই মধ্যে পে কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে বেতন বৃদ্ধির সম্ভাব্য হার নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।
মন্ত্রী পর্যায়ের কমিটির কারণে দেরি হতে পারে
বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। দীর্ঘ চার মাস পর্যালোচনার পর কমিটিটি গতকাল চূড়ান্ত সুপারিশ প্রতিবেদন তৈরি করেছে। তবে এর আগে গত বৃহস্পতিবার জুডিশিয়াল সার্ভিস পে কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের আরেকটি কমিটি গঠন করেছে সরকার। ফলে সচিব কমিটির প্রতিবেদন চূড়ান্ত হলেও মন্ত্রী পর্যায়ের নতুন কমিটির কারণে নবম পে স্কেল বাস্তবায়নে আরও সময় লাগতে পারে।
নাম প্রকাশ না করা শর্তে সচিব কমিটির এক সদস্য বলেন, সচিব কমিটির মূল দায়িত্ব ছিল জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর দাখিল করা প্রতিবেদনগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রমের জন্য সুপারিশ করা। আমরা জুডিশিয়াল সার্ভিসসহ সবার বিষয়ে সুপারিশ করেছি। তিনি বলেন, এর পরও কেন নতুন আরেকটি কমিটি করা হয়েছে, বুঝতে পারছি না।
সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, সর্বশেষ ২০১৫ সালের পে স্কেলও দুই ধাপে বাস্তবায়ন করা হয়েছিল। প্রথম বছরে মূল বেতন এবং পরের বছর বিভিন্ন ভাতা দেওয়া হয়। সামগ্রিক দিক বিবেচনায় নতুন পে স্কেলও দুই ধাপে বাস্তবায়ন করা বাস্তবসম্মত বলে মনে করেন তিনি। তাঁর মতে, সচিব কমিটি দুই ধরনের প্রস্তাবই মন্ত্রিসভায় দিতে পারে। এরপর মন্ত্রিসভা পরিস্থিতি বিবেচনায় যে সিদ্ধান্তকে উপযুক্ত মনে করবে, সেটিই বাস্তবায়ন করা হবে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ প্রায় ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ এ খাতে মোট বরাদ্দের পরিমাণ ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা। বাজেটের ‘জনপ্রশাসন-নিট’ খাতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



