ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আসতে যাচ্ছে। পুলিশের বর্তমান ইউনিফর্মের রং ও কাপড়ে পরিবর্তন এনে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার প্রকাশিত এক সরকারি গেজেট থেকে এ তথ্য জানা গেছে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৮৬১ সালের পুলিশ আইনের ১২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং সরকারের অনুমোদনক্রমে আইজিপি (মহাপুলিশ পরিদর্শক) এই সংশোধনীর অনুমোদন দিয়েছেন। নতুন সংশোধনী অনুযায়ী, পুলিশের সাধারণ শার্টের রং এখনকার চেয়ে পরিবর্তন করে ‘গাঢ় নীল’ করা হয়েছে। তবে মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে শার্টের রং হবে ‘হালকা অলিভ’ রঙের।
এই দুটি ক্ষেত্রেই প্লেইন ফেব্রিক কাপড় ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশের প্যান্টের রঙেও আসছে পরিবর্তন। বর্তমানের কফি (শেল) রঙের পরিবর্তে এখন থেকে পুলিশ সদস্যরা ‘খাকি’ রঙের প্যান্ট পরবেন। গ্রীষ্মকালে অর্ধহাতা ও শীতকালে পূর্ণহাতা শার্ট হবে।
পুলিশের শার্ট ও প্যান্টের পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারীদের পোশাক, মাথার আবরণ এবং শীতকালীন পোশাকের ক্ষেত্রেও সংশোধন আনা হয়েছে। নতুন বিধানে নীল রঙের শার্টের ওপর গাঢ় নীল রঙের ফুলহাতা জার্সি, কার্ডিগান বা পুলওভার যুক্ত করা হয়েছে। জ্যাকেটের ক্ষেত্রে গাঢ় নীল রঙের জ্যাকেট করা হয়েছে। মহানগর পুলিশের জন্য হালকা জলপাই রঙের জ্যাকেট।
প্রজ্ঞাপনে নারী পুলিশের পোশাকের ক্ষেত্রে বলা হয়েছে, নারী পুলিশ চাইলে শাড়ি পরতে পারবেন।
জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ পরা যাবে। মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজের কথা বলা হয়েছে। নারী পুলিশ সদস্যরা চাইলে মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। এটি অনুমোদিত গাঢ় নীল রঙের হবে।
ট্রাফিক ইউনিটে কর্মরত নারী পুলিশ সদস্যরাও সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিট প্রধানের পূর্বানুমোদন নিয়ে নারী পুলিশ সদস্য সাধারণ পোশাক পরতে পারবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জননিরাপত্তা ও পুলিশ সদস্যদের কাজের সুবিধার কথা চিন্তা করে পুলিশ ড্রেস রুলসের ৪ নম্বর রুলের উপধারা (৫) ও (৬) সংশোধনের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে।
এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র্যাব এই পোশাকের আওতামুক্ত থাকবে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



