ছবি: সংগৃহীত
আসন্ন নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে বোমা হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, সাম্প্রতিক কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্বাচনের আগেই ইরানে হামলা পুনরায় শুরুর পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন।
এ বিষয়ে অতীতে বিভ্রান্তিকর বার্তা দেওয়ার অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে আলোচনা চলার মধ্যেই দেশটিতে হামলা চালায় মার্কিন বাহিনী। এর ঠিক আগের দিন ট্রাম্প বলেছিলেন, হামলার বিষয়ে তিনি কোনো সিদ্ধান্ত নেননি।
গত বছর জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধের শেষ দিকে ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
অথচ এর আগে ট্রাম্প বলেছিলেন, হামলার বিষয়ে তিনি ‘দুই সপ্তাহের মধ্যে’ সিদ্ধান্ত জানাবেন।
ফলে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো ট্রাম্প প্রশাসনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ, যুদ্ধটি যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে ব্যাপকভাবে অজনপ্রিয় হয়ে উঠেছে।
অন্যদিকে, নির্বাচনের পর ইরানে আবার যুদ্ধ শুরু করলে ট্রাম্পের ওপর নেতিবাচক রাজনৈতিক প্রভাব তুলনামূলক কম পড়তে পারে।
কারণ, বর্তমান মেয়াদ শেষে তিনি আর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
ইরান নিয়ে ট্রাম্পের পরিকল্পনা এবং মধ্যবর্তী নির্বাচনের পর সংঘাত আবার শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



