ছবি: সংগৃহীত
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে (এমজেডিএ) নতুন দেশকে সদস্য করার সুযোগ রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। তবে কোনো দেশ আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আবেদন করলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পরামর্শ করে সেই আবেদন বিবেচনা করা হবে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র তাহির আন্দ্রাবিকে বাংলাদেশের সম্ভাব্য সদস্যপদ এবং চুক্তিতে অন্য দেশগুলোর আগ্রহ নিয়ে প্রশ্ন করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি একটি প্রতিরক্ষামূলক কাঠামো, যার লক্ষ্য শান্তি সুরক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করা।
প্রশ্নে উল্লেখ করা হয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানিয়েছেন যে বাংলাদেশ মক্কা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। এ অবস্থায় পাকিস্তানের নিরাপত্তা কাঠামো কূটনৈতিক অঙ্গনেও নেতৃত্ব দিচ্ছে কি না এবং অন্য কোনো দেশ চুক্তিতে যোগ দিতে আগ্রহ দেখিয়েছে কি না—তা জানতে চাওয়া হয়।
বিশেষ করে সফররত ইরান ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরাও এ বিষয়ে আগ্রহ দেখিয়েছেন বলে প্রশ্নে উল্লেখ করা হয়।
জবাবে মুখপাত্র বলেন, পরিবর্তনশীল নিরাপত্তা কাঠামো হিসেবে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি এমন দেশগুলোর জন্য উন্মুক্ত থাকবে, যারা সম্মিলিত দায়িত্ব ও অভিন্ন নিরাপত্তা স্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ।
তিনি আরো বলেন, কোনো দেশ আনুষ্ঠানিকভাবে চুক্তিতে যোগ দেওয়ার আবেদন করলে রিয়াদ ও আঙ্কারায় থাকা অংশীদারদের সঙ্গে পরামর্শ করে তা বিবেচনা করা হবে।
তবে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির কার্যকর বাস্তবায়ন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে স্পষ্ট করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



