ছবি: সংগৃহীত
চট্টগ্রাম কাস্টমস হাউসের আইসিডি প্রিভেন্টিভ টিম দুটি পৃথক ও সফল অভিযান চালিয়ে বন্ড সুবিধায় আমদানিকৃত ফেব্রিক্স অবৈধভাবে অপসারণ এবং রপ্তানি চালানে ঘোষণা বহির্ভূত পণ্য পাচারের চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকারও বেশি রাজস্ব ফাঁকির ঘটনা সামনে এসেছে। সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রথম ঘটনাটি ঘটে গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে। ওই দিন দুপুর ১২টার দিকে সাভারের কাটগড়া বাজারের রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘ঈগল টেক্সটাইলস’-এর একটি রপ্তানি চালান কস এনডব্লিউএস কন্টেইনার সার্ভিস লিমিটেড অফডকে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।
প্রতিষ্ঠানটি বিল অব এক্সপোর্ট নম্বরের বিপরীতে চালানে ৪টি আইটেমের মোট ২৩৭ কার্টুন পণ্য ঘোষণা করেছিল। যার মধ্যে লেডিস শার্ট, মেনস শার্ট, লেডিস ট্রাউজার এবং লেডিস ড্রেস রপ্তানির কথা ছিল।
তবে কাস্টমস কর্মকর্তাদের কঠোর কায়িক পরীক্ষায় সম্পূর্ণ ভিন্ন চিত্র বেরিয়ে আসে। দেখা যায়, ঘোষিত পণ্যের পরিবর্তে ২৩৭ বস্তায় নিট ও ডেনিম দিয়ে তৈরি ১৪ ধরনের মোট ১ লাখ ৭৩ হাজার ৩৪৯ পিস স্টক লট গার্মেন্টস রয়েছে।
পরীক্ষায় আরও দেখা যায়, বিকেএমইএ কর্তৃক প্রদত্ত ইউডি বা ইউটিলাইজেশন ডিক্লারেশনে উল্লেখ করা ফেব্রিক্স কম্পোজিশনের সাথে কায়িক পরীক্ষায় প্রাপ্ত পণ্যের বিন্দুমাত্র মিল নেই। মূলত বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল বা ফেব্রিক্স অবৈধভাবে খোলা বাজারে অপসারণ করা হয়েছিল।
এই অবৈধ অপসারণ ও অনিয়মের ফলে সরকারের প্রায় ৮০ লক্ষ টাকার অধিক রাজস্ব ফাঁকি হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে। এর পাশাপাশি স্থানীয়ভাবে সংগৃহীত এসব তৈরি পোশাকের বিপরীতে ৭.৫ শতাংশ হারে পরিহারকৃত মূসক বা ভ্যাটের পরিমাণ প্রায় ৯ লক্ষ টাকা।
অপর ঘটনাটি ঘটে গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে বিকেল ৩টায়। শফি মোটরস লিমিটেড অফডকে অপর রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘রিয়াজ নিটওয়্যার লিমিটেড’-এর একটি রপ্তানি চালানে অভিযান চালায় প্রিভেন্টিভ টিম।
রিয়াজ নিটওয়্যার লিমিটেড তাদের বিল অব এক্সপোর্টে মাত্র ১টি আইটেম অর্থাৎ মেনস পলো শার্টের ৬৮৭ কার্টুন রপ্তানির ঘোষণা দিয়েছিল। কিন্তু কায়িক পরীক্ষার সময় চালানে চরম অসঙ্গতি ধরা পড়ে।
পরীক্ষায় নিট ও ডেনিম ফেব্রিক্সে তৈরি ভিন্ন ভিন্ন ৫০ ধরনের বিভিন্ন পোশাক পাওয়া যায়, যা মূল রপ্তানি ঘোষণার সাথে কোনোভাবেই মিলছিল না।
তদন্তে জানা যায়, বিজিএমইএ প্রদত্ত ইউডি অনুযায়ী চালানে যে ফেব্রিক্স থাকার কথা ছিল, তার মধ্যে ৬৫ হাজার ৫০ পিস তৈরি পোশাকের অস্তিত্ব কায়িক পরীক্ষায় সম্পূর্ণ অনুপস্থিত পাওয়া গেছে। অর্থাৎ বন্ড সুবিধায় আনা বন্ডেড ফেব্রিক্স প্রক্রিয়াজাত না করে অবৈধভাবে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে।
এই ঘটনায় বন্ড সুবিধার অপব্যবহারের মাধ্যমে সরকারের আনুমানিক ৭০ লক্ষ টাকার অধিক রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। দুটি প্রতিষ্ঠানই জালিয়াতির অভিনব আশ্রয় নিয়ে দেশের শুল্ক ফাঁকি দেওয়ার পাঁয়তারা করছিল।
উভয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাস্টমস আইন ও বন্ড বিধিমালা অনুযায়ী চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রস্তুত করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। একই সাথে আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের কঠোর নির্দেশনা অনুযায়ী বন্ড সুবিধার অপব্যবহার রোধ এবং দেশের অভ্যন্তরীণ রাজস্ব সুরক্ষা নিশ্চিত করতে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামের এ ধরনের বিশেষ নজরদারি ও অভিযান ভবিষ্যতে আরও জোরালোভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
বাংলাবার্তা/এসজে
.png)
.png)
.png)



