ছবি: সংগৃহীত
এক ফুটবল মহানায়কের আন্তর্জাতিক ক্যারিয়ারের রাজকীয় যবনিকাপাত ঘটতে যাচ্ছে, তবে তার গায়ে জড়ানো সেই ঐতিহাসিক ‘১০ নম্বর’ জার্সির বিদায় ঘটছে না। আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।
২০০৯ সাল থেকে জাতীয় দলের ১০ নম্বর জার্সি গায়ে জড়িয়ে একের পর এক মহাকাব্য লিখেছেন তিনি। ফুটবলের এই বরপুত্রকে সম্মান জানাতে সেই আইকনিক জার্সিটিকে মেসির সঙ্গেই চিরতরে তুলে রাখতে (অবসরে পাঠাতে) চেয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। তবে ফিফার কঠোর নিয়মের কারণে এএফএর সেই আবেগঘন সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
৩৯ বছর বয়সী মেসি আগামী মঙ্গলবার বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে নিজের ২০৮তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন।
দীর্ঘ ও বর্ণিল ক্যারিয়ারে আলবিসেলেস্তেদের তিনি এনে দিয়েছেন বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকার শিরোপা।
ফরাসি ওয়েবসাইট ফুট মারকাতোর বরাতে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম গোল ডটকম জানিয়েছে, মেসির বিদায়ের পর তার অতুলনীয় অবদানকে চিরস্মরণীয় করে রাখতে ১০ নম্বর জার্সিটি চিরতরে তুলে রাখার পরিকল্পনা করেছিলেন তাপিয়া। উদ্দেশ্য ছিল, ভবিষ্যতে আর কোনো আর্জেন্টাইন ফুটবলারকে যেন এই নম্বরের জার্সি দেওয়া না হয়।
তবে এএফএর এই মহাপরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার অফিশিয়াল রুলবুক।
ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ বা কোপা আমেরিকার মতো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোকে স্কোয়াডের ১ থেকে ২৬ নম্বর পর্যন্ত টানা জার্সি বরাদ্দ করা বাধ্যতামূলক। ফলে মাঝখান থেকে ১০ নম্বর জার্সি পুরোপুরি ছেঁটে ফেলা বা খালি রাখা নীতিগতভাবে অসম্ভব।
সংস্থাটির নিয়ম অনুসারে, কিছু প্রীতি ম্যাচে আর্জেন্টিনা চাইলে হয়তো ১০ নম্বর জার্সিটি খালি রেখে দল নামাতে পারবে। তবে অফিশিয়াল যেকোনো আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে স্কোয়াডের কোনো না কোনো খেলোয়াড়কে এই ১০ নম্বর জার্সি গায়ে চাপাতেই হবে।
যার অর্থ দাঁড়াচ্ছে, লিওনেল মেসি জাতীয় দলকে বিদায় জানালেও আলবিসেলেস্তেদের ১০ নম্বর জার্সির ঐতিহ্যবাহী যাত্রা থামছে না।
২০৩০ বিশ্বকাপ কিংবা পরবর্তী কোপা আমেরিকায় আবারও নতুন কোনো আর্জেন্টাইন তারকার গায়ে শোভা পাবে বিশ্ব ফুটবলের এই কাঙ্ক্ষিত ও ঐতিহাসিক ১০ নম্বর জার্সি।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



