ছবি: সংগৃহীত
মোনাকোর আলোঝলমলে রাতে পর্দা উঠল ২০২৬-২৭ উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের মহা-আয়োজনের। বৃহস্পতিবার রাতের ভাগ্য পরীক্ষায় দেখা গেল, শিরোপা ধরে রাখার মিশনে নেমে শুরুতেই এক বিশাল কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)।
লুইস এনরিকের শিষ্যদের লিগ পর্বের প্রতিপক্ষের তালিকায় রয়েছে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার মতো সব ইউরোপীয় জায়ান্টরা।
গত মে মাসে আর্সেনালকে পেনাল্টি শুটআউটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপসেরার মুকুট মাথায় তুলেছে পিএসজি। এবার ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে তারা আতিথ্য দেবে বার্সেলোনা, রোমা, গালাতাসারায় ও স্লোভান ব্রাতিস্লাভাকে। তবে আসল পরীক্ষা অপেক্ষা করছে ইংলিশদের ডেরায়! ২০২৫ সালে শিরোপা জয়ের পথে যে দুই ইংলিশ ক্লাবকে হারিয়েছিল পিএসজি, সেই ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার মাঠে গিয়ে খেলতে হবে ফরাসি ক্লাবটিকে।
এ ছাড়া ভিয়ারিয়াল ও ইতালির চমক কোমোর বিপক্ষেও অ্যাওয়ে ম্যাচে লড়বে তারা।
লিগ পর্বের প্রথম শিডিউলের ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর। পুরো ৮ ম্যাচের চূড়ান্ত সময়সূচি শনিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে উয়েফা।
অন্যদিকে, গতবারের রানার্সআপ ও ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনালের কপালেও জুটেছে বেশ শক্ত প্রতিপক্ষ।
নিজেদের চেনা আঙিনা এমিরেটস স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, লিলে এবং নবাগত আজারবাইজানের সাবাহর। আর প্রতিপক্ষের মাঠে গানারদের পরীক্ষা দিতে হবে বায়ার্ন মিউনিখ, রিয়াল বেটিস, নাপোলি ও স্লাভিয়া প্রাগের বিরুদ্ধে।
অলরেড লিভারপুলকেও কঠিন সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে। অ্যানফিল্ডে তারা খেলবে আতলেতিকো মাদ্রিদ, পোর্তো, ভিয়ারিয়াল ও লঁসের বিপক্ষে। আর প্রতিপক্ষের মাঠে সালাহ-ভ্যান ডাইকদের লড়তে হবে ইন্টার মিলান, ক্লাব ব্রুজ, ফেনারবাচে ও অস্ট্রিয়ার এলএএসকের (লাস্ক) সঙ্গে।
দুই বছর পর ইউরোপ সেরা মঞ্চে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেড এবার এক নম্বর পটে ছিল না। ওল্ড ট্রাফোর্ডে রেড ডেভিলদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ, রোমা, আরবি লাইপজিগ ও সাবাহ। আর অ্যাওয়ে ম্যাচে তারা মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ, স্পোর্তিং সিপি, ভিয়ারিয়াল ও কোমোর।
ড্রয়ের ফলে উপহার হিসেবে বেশকিছু মহারণ পেতে যাচ্ছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফুটবলপ্রেমীরা। ঘরের মাঠে ম্যানচেস্টার সিটিকে স্বাগত জানাবে বার্সেলোনা, অন্যদিকে সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইন্টার মিলান।
বাছাই পর্বের বাধা পেরিয়ে ২০০৮-০৯ মৌসুমের পর প্রথমবার মূল পর্বে জায়গা করে নেওয়া তুর্কি ক্লাব ফেনারবাচে ছাড়াও এবার নজর কাড়বে ইতালির কোমো, আজারবাইজানের সাবাহ, অস্ট্রিয়ার এলএএসকে এবং নরওয়ের চ্যাম্পিয়ন ভাইকিংয়ের মতো অভিষিক্ত দলগুলো।
৩৬ দলের অংশগ্রহণে নতুন ফরম্যাটের তৃতীয় এই আসরের মহারণ গড়াবে মাসজুড়ে, যার চূড়ান্ত যবনিকাপাত ঘটবে ২০২৭ সালের ৫ জুন। মাদ্রিদের চোখধাঁধানো ওয়ান্দা মেট্রোপলিতানো স্টেডিয়ামে হবে এবারের ফাইনাল।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



