ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষের শুরু হচ্ছে আগামীকাল। কলকাতার ইডেন গার্ডেন্সে বুধবার (৪ মার্চ) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার (৫ মার্চ) দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড।
দুুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
এবারের টি-টোয়েন্টি বিশকাপের সেমিফাইনাল অনেকটা বৈচিত্র্যময় হতে চলেছে। চার মহাদেশ থেকে চার দল উঠেছে শেষ চারে। চার দলেরই অতীতে একাধিকবার সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা আছে।
ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডর আগের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের পরিসংখ্যানগুলো দেখে নেওয়া যাক।
ইংল্যান্ড
সব মিলিয়ে ৬ বার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। এবারসহ টানা পাঁচবার শেষ চারে উঠল ইংলিশরা। এর মধ্যে তারা তিনবার ফাইনালেও উঠেছে। ২০১০ ও ২০২২ আসরে শিরোপা জিতেছে আর ২০১৬ আসরে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।
২০২১ আসরের সেমিফাইনালে নিউজিল্যান্ড ও ২০২৪ আসরের সেমিফাইনালে ভারতের কাছে হেরে যায় ইংল্যান্ড।
ভারত
আইসিসির ইভেন্টে রেকর্ড ২০ বার সেমিফাইনালে উঠেছে ভারত। এর মধ্যে ছয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপে। আগের পাঁচবারের তিনবারই ফাইনালে উঠে দুবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। ২০০৭ সালে প্রথম ও ২০২৪ সালে সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয় ভারত।
২০১৬ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সেমিফাইনালে হারে ভারত। ২০২২ আসরের সেমিফাইনালে ভারত হারে ইংল্যান্ডের কাছে। ২০১৪ আসরে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলেও ফাইনালে হেরে যায় শ্রীলঙ্কার কাছে।

দক্ষিণ আফ্রিকা
এর আগে তিনবার সেমিফাইনাল খেলা দক্ষিণ আফ্রিকা ফাইনালে পৌঁছেছে একবার। এটা তাদের চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল। প্রোটিয়ারা প্রথমবার সেমিফাইনাল খেলে ২০০৯ বিশ্বকাপে। সেবার তারা হারে পাকিস্তানের কাছে। এরপর ২০১৪ আসরের সেমিফাইনালে হেরে যায় ভারতের কাছে। সর্বশেষ ২০২৪ আসরের সেমিফাইনালে আফগানিস্তানকে বিধ্বস্ত করলেও ফাইনালে ভারতের কাছে অবিশ্বাস্যভাবে হেরে যায়।
নিউজিল্যান্ড
এটি নিউজিল্যান্ডের পঞ্চম সেমিফাইনাল। আগের চারবারের মধ্যে মাত্র একবারই সেমির বাধা টপকাতে পারে কিউইরা। তবে ২০২১ সালের সেই আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স আপ হয়। ২০০৭ ও ২০২২ আসরের সেমিফাইনালে তারা হারে পাকিস্তানের বিপক্ষে, ২০১৬ আসরে হারে ইংল্যান্ডের কাছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



