ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশি প্রবাসীদের দেশে ফিরিয়ে আনতে মানবিক উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রবাসীদের দুর্ভোগ লাঘব এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটি ঢাকা–দুবাই–ঢাকা রুটে দু’টি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে।
বর্তমান পরিস্থিতিতে বহু বাংলাদেশি কর্মী, ভ্রমণকারী ও স্বল্পমেয়াদি ভিসাধারী নাগরিক সংযুক্ত আরব আমিরাতে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাদের অনেকের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে কিংবা শিগগিরই শেষ হতে চলেছে। এ অবস্থায় দ্রুত দেশে ফেরার সুযোগ নিশ্চিত করতে বিশেষ এই ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
প্রথম বিশেষ ফ্লাইটটি আজ বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। একই উড়োজাহাজ দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে দেশে ফিরবে।
দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি আগামীকাল বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৫টা ১৫ মিনিটে একই বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। ফিরতি ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার পথে যাত্রা শুরু করবে।
বিশেষ এই ফ্লাইট দু’টি পরিচালনার জন্য ৪৩৬ আসনবিশিষ্ট অত্যাধুনিক Airbus নির্মিত এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। বড় ধারণক্ষমতার এ উড়োজাহাজ ব্যবহারের ফলে একসঙ্গে বিপুল সংখ্যক যাত্রীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা–দুবাই রুটে ফ্লাইট নম্বর থাকবে বিএস-৩৪১ এবং দুবাই–ঢাকা রুটে ফ্লাইট নম্বর হবে বিএস-৩৪২।
দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিবেচনায় কয়েকটি আন্তর্জাতিক ও আঞ্চলিক এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর মধ্যে রয়েছে এমিরেটস ও এয়ার ইন্ডিয়া-সহ আরও কয়েকটি এয়ারলাইন্স। সংশ্লিষ্ট সূত্র জানায়, জরুরি পরিস্থিতিতে যাত্রীদের স্বার্থ রক্ষায় সমন্বিতভাবে কাজ করছে সংশ্লিষ্ট বিমানবন্দর ও এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
বিশেষ ফ্লাইটে অগ্রাধিকার দেওয়া হবে সেইসব বাংলাদেশি নাগরিকদের, যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। এছাড়া অসুস্থ, বয়স্ক ও বিশেষ সহায়তা প্রয়োজন এমন যাত্রীদের ক্ষেত্রেও মানবিক বিবেচনা প্রাধান্য পাবে বলে জানা গেছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে জন্য টিকেট বুকিং, ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের সকল সেলস সেন্টার এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলোতে যোগাযোগ করে টিকেট সংগ্রহ করা যাবে।
এছাড়া বিস্তারিত তথ্য ও তাৎক্ষণিক সহায়তার জন্য হটলাইন নম্বর ১৩৬০৫-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ০১৭৭৭৭৭৭৮০০ থেকে ০১৭৭৭৭৭৭৮০৬ নম্বর পর্যন্ত মোবাইল নম্বরেও যোগাযোগ করা যাবে।
প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সংকটময় সময়ে দেশের নাগরিকদের পাশে দাঁড়ানোকে মানবিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, প্রয়োজন হলে ভবিষ্যতেও পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত ফ্লাইট পরিচালনার বিষয়টি বিবেচনা করা হবে।
বাংলাবার্তা/এসজে
.png)
.png)
.png)



