ছবি: সংগৃহীত
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হচ্ছে। প্রথম ধাপে কেন্দ্রটি থেকে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সঞ্চালন করা হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান এই ঐতিহাসিক অগ্রগতির তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে পারমাণবিক যুগে প্রবেশের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে যাচ্ছে বাংলাদেশ।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজকের এই সরবরাহ প্রক্রিয়াটি সম্পূর্ণ পরীক্ষামূলকভাবে পরিচালনা করা হবে। জাতীয় গ্রিডের সঙ্গে কেন্দ্রের সঞ্চালন ব্যবস্থার সমন্বয় এবং কারিগরি সক্ষমতা যাচাই করাই এর মূল উদ্দেশ্য।
উপপ্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান জানান, আজ পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পর তা পুনরায় বিচ্ছিন্ন করা হবে। এরপর সংশ্লিষ্ট প্রকৌশলী ও বিশেষজ্ঞরা সঞ্চালন ব্যবস্থার নানান কারিগরি দিক নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালাবেন।
পরীক্ষা-নিরীক্ষা শেষে কোনো ধরনের ত্রুটি বা জটিলতা ধরা না পড়লে পরবর্তী ধাপের কাজ শুরু হবে। কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে আগামী ২১ নভেম্বর কেন্দ্রটি চূড়ান্তভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানান, গ্রিডে চূড়ান্তভাবে যুক্ত হওয়ার পর পরই পূর্ণ মাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু হবে না। বরং নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে।
প্রাথমিক পরিকল্পনায় বলা হয়েছে, কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হবে। এই পর্যায়ে পৌঁছাতে পারলে রূপপুর থেকে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব হবে।
কারিগরি মানদণ্ড যাচাই ও স্থিতিশীলতা নিশ্চিত করার পর উৎপাদন ক্ষমতা আরও বাড়ানো হবে। প্রকল্প কর্তৃপক্ষের তথ্যমতে, প্রথম ইউনিটটি যখন তার পূর্ণ সক্ষমতায় পৌঁছাবে, তখন এখান থেকে জাতীয় গ্রিডে অন্তত ১ হাজার ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে রূপপুর প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। জ্বালানি বহুমুখীকরণের অংশ হিসেবে সরকার এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করছে।
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন এই বিদ্যুৎকেন্দ্রটিতে মোট দুটি ইউনিট রয়েছে। প্রকল্পের নকশা ও পরিকল্পনা অনুযায়ী, রূপপুরের দুটি ইউনিট যখন পুরোদমে চালু হবে, তখন এই উৎস থেকে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে।
আজকের এই পরীক্ষামূলক সঞ্চালন সফল হলে দেশের বিদ্যুৎ খাতে এক নতুন মাইলফলক যুক্ত হবে। সংশ্লিষ্ট প্রকৌশলী ও দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এই কার্যক্রম সফল করতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



