ছবি: সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ তীব্র আকার ধারণ করেছে। চলমান বিক্ষোভ ও উত্তেজনার জেরে মঙ্গলবার (১৭ নভেম্বর) নতুন করে আরও পাঁচটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর আগে সোমবার (১৬ নভেম্বর) থেকে ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। সব মিলিয়ে গাজীপুরে বর্তমানে মোট ৩১টি কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন এলাকার হাজারো পোশাক শ্রমিক রাস্তায় নেমে আসেন। এক পর্যায়ে তারা ব্যস্ততম ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। আজ সকাল সাড়ে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়ক দুটিতে শ্রমিকদের অবরোধ কর্মসূচি চলছিল।
মহাসড়ক অবরোধের কারণে উত্তরবঙ্গ ও ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো সাধারণ যাত্রী ও পণ্যবাহী পরিবহনের চালকরা। বিক্ষোভ চলাকালে উত্তেজিত শ্রমিকদের একাংশ মহাসড়কে আটকে পড়া কয়েকটি যাত্রীবাহী বাসে ইটপাটকেল নিক্ষেপ করে।
পুলিশ, শ্রমিক ও কারখানা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও গাজীপুর মহানগরীর ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও তিন সড়ক এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা বাসা থেকে বের হয়ে নিজ নিজ কর্মস্থলে পৌঁছান। কিন্তু তারা কারখানার ভেতরে প্রবেশ করে কাজে যোগ না দিয়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে স্লোগান দিতে থাকেন।
শ্রমিকদের অনড় অবস্থান ও বিক্ষোভের মুখে ভোগড়া এলাকার ৫টি কারখানাসহ আশপাশের বেশ কয়েকটি কারখানায় অস্থিরতা ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।
কারখানা ছুটির পর শ্রমিকরা দলবদ্ধভাবে বাইরে বেরিয়ে এলে পুরো এলাকায় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রধান সড়কের পাশে এবং আশপাশের বিভিন্ন অলিগলির মুখে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।
উল্লেখ্য, এর আগে টানা শ্রমিক আন্দোলনের জেরে সোমবার (১৬ নভেম্বর) থেকেই কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন এলাকার ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল মালিকপক্ষ। আজকের ৫টিসহ মোট ৩১টি কারখানা বন্ধ থাকায় শিল্পাঞ্চলে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে।
সার্বিক পরিস্থিতি নিয়ে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন গণমাধ্যমকে জানান, চলমান আন্দোলনের প্রেক্ষিতে কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকার ২৬টি কারখানা আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। আজ সকালে ভোগড়া এলাকার ৫টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।
তিনি আরও জানান, ছুটি ঘোষণার পর বেশ কিছু শ্রমিক মহাসড়কে নেমে এসে অবরোধ সৃষ্টি করেছেন। যেকোনো ধরনের নাশকতা বা বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



