ছবি: সংগৃহীত
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। রায়ে মূল আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। এর মধ্য দিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলাটির বিচারিক কার্যক্রম উচ্চ আদালতেও দ্রুততম সময়ে নিষ্পত্তি হলো।
এর আগে গত ৭ জুন ঢাকার একটি ট্রাইব্যুনাল এই মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন উভয়কেই মৃত্যুদণ্ড দিয়েছিলেন। নিয়ম অনুযায়ী সেই রায় অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে এবং আসামিরা জেল আপিল করেন। সোমবার (১৬ নভেম্বর) উভয় পক্ষের চূড়ান্ত শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেছিলেন আদালত।
রায় ঘোষণার সময় হাইকোর্ট বলেন, শিশু রামিসার এই হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় সংঘটিত হয়েছে। এ ধরনের জঘন্য অপরাধের ক্ষেত্রে একমাত্র মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।
তবে স্বপ্না খাতুনের বিষয়ে আদালত জানান, প্রধান আসামি সোহেল রানা তার ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্ত্রী স্বপ্না খাতুনের সহযোগিতার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি। সে কারণে তাকে মামলার দায় থেকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, পল্লবীর একটি ফ্ল্যাটে প্রতিবেশী সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারের সহায়তায় সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ করেন। পরে ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে গলা কেটে হত্যা এবং মরদেহ খণ্ডিত করে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল।
সে সময় পাশের ফ্ল্যাটেই ছিলেন রামিসার মা পারভীন আক্তার। তিনি মেয়ের আর্তনাদ শুনতে পেলেও বুঝতে পারেননি যে সেটি তার নিজের সন্তানের কণ্ঠ। পরবর্তীতে পাশের ফ্ল্যাট থেকে রামিসার ক্ষতবিক্ষত ও খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর সারা দেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। ঘটনার পর দিনই নিহত রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করেন।
পুলিশের দ্রুত অভিযানে প্রথমে সহযোগী আসামি স্বপ্না আক্তারকে এবং পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার পর গত ২১ মে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন।
হত্যাকাণ্ডের পর সে সময় রামিসার বাসায় গিয়ে শোকসন্তপ্ত মা-বাবাকে সমবেদনা ও সান্ত্বনা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।
তারা সে সময় রামিসার পরিবারের সঙ্গে দেখা করে এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কঠোর আশ্বাস দিয়েছিলেন।
পুলিশ ও বিচার বিভাগের তৎপরতায় এই মামলার তদন্ত ও বিচারকার্য খুব দ্রুত সম্পন্ন হয়। গত ১ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।
এরপর মাত্র এক দিনের ব্যবধানে ২ জুন ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেছিলেন, যা দেশের বিচার ইতিহাসে দ্রুত বিচার নিশ্চিতকরণের একটি বড় উদাহরণ।
হাইকোর্টে রাষ্ট্রপক্ষে এই চাঞ্চল্যকর মামলার শুনানি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার সাবলীল ও জোরালো যুক্তিতর্কের ফলেই আসামির মৃত্যুদণ্ড উচ্চ আদালতেও বহাল রাখা সম্ভব হয়েছে।
আইনসংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বিচারহীনতার সংস্কৃতি ভেঙে দেশের বিচার বিভাগ কীভাবে এত স্বল্প সময়ে ন্যায়বিচার নিশ্চিত করতে পারে, রামিসার এই মামলাটি তার একটি উজ্জ্বল ও ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে।
রায় ঘোষণার সময় হাইকোর্ট প্রাঙ্গণে উপস্থিত ছিলেন নিহত রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি সাংবাদিকদের জানান, নিম্ন আদালতে আসামিদের যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, উচ্চ আদালতও সেই রায় বহাল রাখায় তিনি সন্তুষ্ট।
একই সঙ্গে পুরো বিচারিক প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়ায় তিনি সরকার, আদালত ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



