ছবি: সংগৃহীত
রাজধানীর বারিধারা এলাকা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বারিধারার একটি অবস্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরপরই তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিজ হেফাজতে নেয় বাহিনীটি।
পরবর্তীতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
ডিএমপি ও পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে সাঈদ খোকন ডিবি কার্যালয়ে রয়েছেন এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক এই মেয়রের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো এবং আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর আগে, ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকনের বিরুদ্ধে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের তথ্যমতে, ৫৪ কোটি টাকা অর্থ পাচার বা মানি লন্ডারিংয়ের অভিযোগে ওই মামলাটির অনুমোদন দেওয়া হয়েছিল।
দুদকের অনুমোদিত সেই মামলায় সাঈদ খোকন ছাড়াও তার বোন শাহানা হানিফ এবং তাদের একজন কর্মচারীকে আসামি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে চলে গিয়েছিলেন সাঈদ খোকন।
পরবর্তীতে ওই বছরের ২৩ ডিসেম্বর দুর্নীতি ও অর্থ পাচারের অনুসন্ধানের স্বার্থে আদালত সাঈদ খোকন এবং তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেন তিনি।
রাজনৈতিক জীবনে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন। তবে পরবর্তী সিটি করপোরেশন নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাননি।
মেয়র পদ হারানোর পর ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাঈদ খোকন।
বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি। তার গ্রেফতারের বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানাবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



