ছবি: সংগৃহীত
চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক ‘মৃত্যুদণ্ডের’ রায়ের এক বছর পূর্ণ হলো আজ। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত বছর ১৭ নভেম্বর এই যুগান্তকারী রায় ঘোষণা করেছিল।
মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক কোনো সরকারপ্রধানকে সাজা দেওয়ার এটিই প্রথম নজির। ট্রাইব্যুনালের এই রায়ে দেশজুড়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল।
সেদিন একই রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাঁদের দুজনের সমস্ত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত।
রায়ে জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং গুরুতর আহত আন্দোলনকারীদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। তবে মামলার আরেক আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
২০২৪ সালের ১৪ আগস্ট শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দাখিল করা হয়। দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে গত বছর ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।
মাত্র ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করে ট্রাইব্যুনাল। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে গত বছর ১৭ নভেম্বর রায় ঘোষণা করা হয় এবং চলতি বছরের ১৩ জানুয়ারি ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
রায়ের বিরুদ্ধে ইতোমধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা হয়েছে। প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে গত বছর ১৫ ডিসেম্বর চিফ প্রসিকিউটর কার্যালয় এই আপিল করে।
আইন অনুযায়ী ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান থাকলেও তা এখনো কার্যকর হয়নি। প্রসিকিউশন পক্ষ দ্রুত এই আপিল শুনানির ওপর জোর দিলেও তা বর্তমানে কার্যতালিকায় ঝুলে রয়েছে।
এদিকে সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও ছয়টি গুরুতর মামলার বিচার বর্তমানে বিচারাধীন রয়েছে। এর মধ্যে টিএফআই সেল এবং ডিজিএফআইয়ের জেআইসিতে গুম ও নির্যাতনের দুটি মানবতাবিরোধী মামলা অন্যতম।
এই মামলা দুটিতে বর্তমানে সাক্ষ্যগ্রহণ চলছে। এ ছাড়া এক যুগ আগে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি চলছে।
২০১৬ সালে কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’ ও গাজীপুরের জয়দেবপুরে জঙ্গি অভিযানের নামে সংঘটিত হত্যাকাণ্ডের মামলাগুলোতেও শেখ হাসিনা প্রধান আসামি। এ ছাড়া ২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে একরামুল হক হত্যার মামলাটিও বিচারাধীন রয়েছে।
ভারত থেকে পালিয়ে থাকা সাবেক এই স্বৈরাচারী নেত্রীর বিরুদ্ধে আরও দুটি নতুন মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। এসব মামলার পরিধি দিন দিন আরও বিস্তৃত হচ্ছে।
অন্যদিকে, রায়ের এক বছর পার হলেও সম্পদ বাজেয়াপ্তের আদেশ এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। সম্প্রতি গত ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে অতি দ্রুত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।
বিচার প্রক্রিয়া ও রায় বাস্তবায়নের এই দীর্ঘসূত্রতা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠছে। তবে জুলাইয়ের শহীদ পরিবার ও দেশবাসী এই বিচার প্রক্রিয়ার পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে উদগ্রীব হয়ে আছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



