ছবি: সংগৃহীত
আসন্ন ডিসেম্বর মাসকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো নাশকতা এবং সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজিরবিহীন কঠোর নজরদারির ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের প্রতিটি ইঞ্চি সুরক্ষিত রাখতে এবার সিসি ক্যামেরা, ড্রোন এবং আধুনিক এটিভি গাড়ির মতো অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ করে দুর্গম ও পার্বত্য সীমান্ত এলাকাগুলোতে টহল কার্যক্রম আরও গতিশীল ও নির্ভুল করতে বাহিনীর বহরে যুক্ত হয়েছে আধুনিক অল-টেরেইন ভেহিক্যাল বা এটিভি গাড়ি।
এই বিশেষায়িত যানবাহনের সাহায্যে এখন দুর্গম পাহাড় ও উঁচু-নিচু টিলাগুলোতে দিনরাত সার্বক্ষণিক সতর্ক টহল পরিচালনা করছেন বিজিবি সদস্যরা।
সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান কিংবা যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নির্মূল করতে প্রযুক্তিনির্ভর এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এরই অংশ হিসেবে শেরপুর সীমান্তজুড়ে অবস্থিত বিজিবির আটটি গুরুত্বপূর্ণ ক্যাম্পে সোলারচালিত সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি আকাশপথে নজরদারির জন্য ড্রোন যুক্ত করা হয়েছে।
সৌরবিদ্যুৎ চালিত এসব সিসি ক্যামেরার মাধ্যমে দুর্গম সীমান্ত এলাকার চিত্র সরাসরি নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে।
তবে কেবল আধুনিক প্রযুক্তির ব্যবহারেই সীমাবদ্ধ থাকেনি সীমান্তরক্ষী বাহিনী, বরং সীমান্ত সুরক্ষায় বাড়ানো হয়েছে বিজিবির জনবল ও গোয়েন্দা তৎপরতাও।
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ ঠেকাতে বিজিবির এমন আধুনিক ও কঠোর তৎপরতায় দারুণ স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, তারা সবসময়ই সীমান্তের যেকোনো অস্বাভাবিক ঘটনার তথ্য দিয়ে বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন।
তাদের ভাষ্যমতে, বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টাই সীমান্তে সজাগ দৃষ্টি রেখে টহল দিচ্ছেন, যা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করছে।
যেকোনো প্রয়োজনে বিজিবি যেমন সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, তেমনি এলাকার মানুষও দেশের স্বার্থে বিজিবির পাশে দাঁড়িয়ে কাজ করছে।
সীমান্ত দিয়ে পুশইন বা অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র চোরাচালান কঠোরভাবে দমন করতে তদারকি আরও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর বিশেষ অভিযানে জোর দেওয়ার অর্থ এই নয় যে বাহিনীর অন্যান্য নিয়মিত কার্যক্রম থেমে আছে।
তিনি স্পষ্ট করেন যে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি মাদকবিরোধী এবং চোরাচালানবিরোধী অভিযানগুলোও সমানতালে ও সমান গুরুত্ব দিয়ে পরিচালিত হচ্ছে।
শেরপুরের পাশাপাশি ডিসেম্বর মাসকে সামনে রেখে নেত্রকোনা সীমান্তেও বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নেত্রকোনা সীমান্তের টহল ও নজরদারি কার্যক্রমেও যুক্ত করা হচ্ছে অত্যাধুনিক সব নজরদারি প্রযুক্তি।
৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বলেন, গোয়েন্দা তথ্য রয়েছে যে ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশের ভেতরে নাশকতামূলক কার্যক্রম পরিচালনার অপচেষ্টা চলছে।
আর এই নাশকতার উদ্দেশ্যেই সীমান্ত এলাকা ব্যবহার করে বিভিন্নভাবে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে।
সেই তথ্যের আলোকেই সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিজিবির নিয়মিত কার্যক্রম ও নজরদারি বহুগুণে জোরদার করা হয়েছে।
অত্যাধুনিক প্রযুক্তি, বাড়তি জনবল এবং কঠোর নজরদারির এত বিশাল আয়োজনের পরও সীমান্তে যেকোনো ধরনের পুশইন বা অনুপ্রবেশ পুরোপুরি ঠেকাতে স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহায়তা চেয়েছে বিজিবি।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



