ছবি: সংগৃহীত
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্যঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এর মধ্যে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের সঙ্গেই এই ঘাটতির পরিমাণ সবচেয়ে বেশি।
রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পৃথক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
বাণিজ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, আমদানির তুলনায় রপ্তানি আয় কম হওয়ায় মূলত এই বিশাল বাণিজ্যঘাটতি তৈরি হয়েছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে তিনি সামগ্রিক আমদানি-রপ্তানির চিত্র তুলে ধরেন।
মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে ৫৫ দশমিক ১৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। এর বিপরীতে আমদানির পরিমাণ ছিল ৭৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।
আমদানি ও রপ্তানির এই পার্থক্যের কারণেই ওই অর্থবছরে বাংলাদেশের মোট বাণিজ্যঘাটতি দাঁড়ায় ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলারে। আলোচ্য সময়ে বাংলাদেশ থেকে বিশ্বের ২০২টি গন্তব্যে পণ্য রপ্তানি করা হয়েছে।
দেশের রপ্তানি আয়ের প্রধান খাত নিয়েও সংসদে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশের মোট রপ্তানি বাণিজ্যের ৮৪ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে।
তবে ভবিষ্যতে রপ্তানি খাতে বড় ধরনের চ্যালেঞ্জ আসতে পারে বলেও সতর্ক করেন তিনি। মন্ত্রী জানান, বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হলে বিভিন্ন ট্রেডিং স্কিমের আওতায় অগ্রাধিকারমূলক বাজারসুবিধা হারাতে পারে।
বাজারসুবিধা হারানোর ফলে দেশের ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
এদিকে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ঘাটতির বিস্তারিত পরিসংখ্যান সংসদে উপস্থাপন করা হয়। ঢাকা-১১ আসনের এনসিপির এমপি নাহিদ ইসলামের লিখিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এই তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, ২০২৫-২৬ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যঘাটতি দাঁড়িয়েছে ৯ হাজার ২৪৬ দশমিক ৪১ মিলিয়ন ডলারে। ওই অর্থবছরে বাংলাদেশ ভারতে ১ হাজার ৮০২ দশমিক ১৭ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে।
বিপরীতে ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি করা হয়েছে ১১ হাজার ৪৮ দশমিক ৫৮ মিলিয়ন ডলারের। অর্থাৎ রপ্তানির চেয়ে আমদানির পরিমাণ কয়েক গুণ বেশি হওয়ায় এই বিশাল ঘাটতি তৈরি হয়েছে।
এর আগের অর্থবছরের তুলনামূলক চিত্রও তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ১১ হাজার ৩৮৮ দশমিক ৩৩ মিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছিল।
ওই অর্থবছরে বাংলাদেশ ভারতে ১ হাজার ৭৬৪ দশমিক ২৩ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছিল। আর ভারত থেকে আমদানি করেছিল ৯ হাজার ৬২৪ মিলিয়ন ডলারের পণ্য, যার ফলে বাণিজ্যঘাটতি ছিল ৭ হাজার ৮৬০ মিলিয়ন ডলার।
সার্কভুক্ত অন্যান্য দেশের সঙ্গেও বাংলাদেশের বাণিজ্যঘাটতির বিষয়টি সংসদে উঠে আসে। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি মো. কেরামত আলীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ বিষয়ে আলোকপাত করেন।
তিনি বলেন, আমদানি-রপ্তানির তথ্য অনুযায়ী সার্কভুক্ত দেশ আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যঘাটতি রয়েছে। তবে এসব দেশের মধ্যে ভারতের সঙ্গেই ঘাটতি সবচেয়ে বেশি।
একই এমপির আরেক প্রশ্নের জবাবে ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, সাফটা ও আপটা সদস্যদেশ হিসেবে বাংলাদেশ ভারতের বাজারে তামাক ও মদজাতীয় ২৫টি পণ্য ছাড়া অন্য সব পণ্যে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশসুবিধা পাচ্ছে।
সংসদে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার রপ্তানি আদেশ নিয়েও তথ্য দেন বাণিজ্যমন্ত্রী। কুমিল্লা-৯ আসনের এমপি মো. আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি মেলায় প্রাপ্ত রপ্তানি আদেশের পরিসংখ্যান তুলে ধরেন।
মন্ত্রী জানান, ২০২৬ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২২৪ কোটি ২৬ লাখ টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে। আগের বছর অর্থাৎ ২০২৫ সালের তুলনায় এই আদেশ ৪২ দশমিক ৭৯ শতাংশ কম।
উল্লেখ্য, ২০২৫ সালের বাণিজ্য মেলায় মোট রপ্তানি আদেশের পরিমাণ ছিল ৩৯২ কোটি টাকা। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিসহ নানা কারণে এই আদেশ কমেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া দেশের ওষুধ আমদানির বিষয়েও সংসদকে অবহিত করেন খন্দকার আব্দুল মুক্তাদির। কুষ্টিয়া-২ আসনের এমপি মো. আব্দুল গফুরের প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ বর্তমানে বিশ্বের প্রায় ৭২টি দেশ থেকে বিভিন্ন ধরনের ওষুধ আমদানি করে।
দেশের অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ নিয়েও প্রশ্ন করেন একাধিক সংসদ সদস্য। সিরাজগঞ্জ-১ আসনের এমপি সেলিম রেজার প্রশ্নের জবাবে মন্ত্রী বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কথা জানান।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, কৃত্রিম সংকট প্রতিরোধ এবং অসাধু ব্যবসায়ীদের অনিয়ম নিয়ন্ত্রণে সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে।
চট্টগ্রাম-১৫ আসনের এমপি শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী সরবরাহ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করাকে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা সহজ করতে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির তথ্যও তুলে ধরেন তিনি। মন্ত্রী জানান, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে প্রায় এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য দেওয়ার অনুমোদন রয়েছে।
এই কর্মসূচির আওতায় বর্তমানে প্রায় ৭৮ লাখ পরিবার প্রতি মাসে নির্ধারিত পরিমাণ খাদ্যপণ্য নিয়মিত পাচ্ছে। বাকি পরিবারগুলোকেও পর্যায়ক্রমে এর আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
বাজারে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে নিয়মিত তদারকি চালানো হচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, সিন্ডিকেট ও কারসাজি ঠেকাতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
আসন্ন পবিত্র রমজান মাসে বাজার পরিস্থিতি কেমন থাকবে, সে বিষয়েও সংসদকে আশ্বস্ত করেন মন্ত্রী। সংরক্ষিত নারী আসনের এমপি নাদিয়া পাঠান পাপনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি আগাম প্রস্তুতির কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, গত বছরের তুলনায় আগামী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ অনেক ভালো থাকবে বলে সরকার আশা করছে। পর্যাপ্ত আমদানি ও মজুত থাকায় পণ্যের কোনো সংকট হবে না।
তিনি আরও যোগ করেন, এখন পর্যন্ত বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কোনো প্রাকৃতিক দুর্যোগ বা আন্তর্জাতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন না হলে আগামী রমজানেও পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে ও সহনীয় থাকবে বলে আশা করা যায়।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



