ছবি: সংগৃহীত
একাধিক প্রোফাইল ব্যবহারের সুযোগ নিয়ে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রতিষ্ঠানটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বরের পর ব্যবহারকারীদের তৈরি করা অতিরিক্ত ফেসবুক প্রোফাইলগুলো স্থায়ীভাবে মুছে ফেলা হবে। তবে ফেসবুকের এই কড়াকড়ি বা পরিবর্তনের কোনো প্রভাব মূল প্রোফাইলের ওপর পড়বে না বলে জানানো হয়েছে।
সাধারণত ব্যবহারকারী ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সময় যে প্রথম প্রোফাইলটি তৈরি করেন, সেটিকেই তাদের মূল প্রোফাইল হিসেবে গণ্য করা হয়।
এদিকে অতিরিক্ত প্রোফাইল স্থায়ীভাবে মুছে যাওয়ার আগে ব্যবহারকারীদের জন্য কিছু প্রস্তুতিমূলক পদক্ষেপ নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
কেউ চাইলে নিজের অতিরিক্ত প্রোফাইলে থাকা প্রয়োজনীয় তথ্য বা ডেটা ডাউনলোড করে নিরাপদে সংরক্ষণ করতে পারবেন।
কোনো ব্যবহারকারীর অতিরিক্ত প্রোফাইল যদি কোনো ফেসবুক গ্রুপ পরিচালনা করে থাকে, তবে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
গ্রুপের কার্যক্রম সচল রাখতে ওই অতিরিক্ত প্রোফাইল থেকে গ্রুপের অ্যাডমিন বা প্রশাসনিক দায়িত্ব দ্রুত মূল প্রোফাইলে হস্তান্তর করার পরামর্শ দেওয়া হয়েছে।
পাশাপাশি, অতিরিক্ত প্রোফাইলের সঙ্গে যুক্ত থাকা পরিচিত মানুষ বা বন্ধুদের মূল প্রোফাইলের সঙ্গে পুনরায় যুক্ত করার সুযোগ রয়েছে।
এজন্য বন্ধু হিসেবে নতুন করে যুক্ত হওয়া, সংশ্লিষ্ট গ্রুপগুলোতে পুনরায় যোগদান করা কিংবা পছন্দের পেজগুলো ফলো করার সুযোগ রাখা হয়েছে।
ব্যবহারকারীদের সুবিধার্থে ফেসবুকের পক্ষ থেকে অতিরিক্ত প্রোফাইলের তথ্যের কপি ডাউনলোডের সুনির্দিষ্ট প্রক্রিয়া জানিয়ে দেওয়া হয়েছে।
আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত সময়সীমার মধ্যে এই অতিরিক্ত প্রোফাইলগুলোর সমস্ত তথ্য ডাউনলোড করা যাবে।
নির্ধারিত এই তারিখ পার হয়ে গেলে সংশ্লিষ্ট অতিরিক্ত প্রোফাইল এবং এর সঙ্গে জড়িত সব তথ্য চিরতরে মুছে ফেলা হবে।
মনে রাখা দরকার, অতিরিক্ত প্রোফাইল থেকে সংগৃহীত বিজ্ঞাপনী তথ্যসহ কিছু বিশেষ ডেটা কেবল মূল প্রোফাইলের তথ্য ডাউনলোড মাধ্যমেই পাওয়া সম্ভব।
নিজেদের অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডিভাইসে সংরক্ষণ করতে চাইলে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে।
প্রথম ধাপে ব্যবহারকারীকে যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য সংরক্ষণ করতে চান, প্রথমে ঠিক সেই প্রোফাইলটিতে লগইন করে প্রবেশ করতে হবে।
এরপর প্রোফাইলের ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে গিয়ে সেখান থেকে ‘সেটিংস’ নির্বাচন করতে হবে।
তৃতীয় ধাপে ‘ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন্স’ ক্যাটাগরি থেকে ‘এক্সপোর্ট ইওর ইনফরমেশন’ অপশনটি খুঁজে বের করে নির্বাচন করতে হবে।
চতুর্থ ধাপে ‘ক্রিয়েট এক্সপোর্ট’ নির্বাচন করার পর নির্দিষ্ট অতিরিক্ত প্রোফাইলটি বেছে নিতে হবে।
এ সময় তথ্যগুলো ডিভাইসে ডাউনলোড করা হবে, নাকি বাহ্যিক কোনো সেবায় পাঠানো হবে, তা নিশ্চিত করতে হবে।
পঞ্চম এবং শেষ ধাপে যে নির্দিষ্ট তথ্যগুলো ডাউনলোড করতে চান, সেগুলোতে টিক দিয়ে ‘ক্রিয়েট এক্সপোর্ট’ বোতামে চাপ দিতে হবে।
সার্ভার থেকে তথ্য ডাউনলোডের জন্য ফাইল প্রস্তুত হতে কিছুটা সময় লাগতে পারে।
তাই শেষ মুহূর্তের জটিলতা এড়াতে নির্ধারিত ডেডলাইন অর্থাৎ ১৪ ডিসেম্বরের আগেই ডাউনলোডের অনুরোধ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
কারো অ্যাকাউন্টে যদি একাধিক অতিরিক্ত প্রোফাইল থাকে, তবে প্রতিটি প্রোফাইলের ডেটা আলাদা আলাদাভাবে ডাউনলোড করতে হবে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)
