ছবি: সংগৃহীত
ইরানের সামরিক শক্তি ব্যাপকভাবে ধ্বংস হয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাত কার্যত সমাপ্তির পথে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর তিনি এ কথা জানান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
ট্রাম্প বলেন, সামরিক দিক থেকে ইরান বর্তমানে পুরোপুরি ভেঙে পড়েছে এবং তাদের নেতৃত্বও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তারা কেবল বিদ্যমান পরিস্থিতি ধরে রাখার চেষ্টা করছে।
অবশ্য সামরিক বিজয়ের দাবি করলেও ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি নিষ্ক্রিয় করতে দীর্ঘমেয়াদি ও টেকসই কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন ট্রাম্প।
তিনি আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখতে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের মতো আঞ্চলিক দেশগুলোও বর্তমান পরিস্থিতির স্থায়িত্ব বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানান, উদ্ভূত পরিস্থিতিতে এই মুহূর্তে নতুন করে সামরিক অভিযানের প্রয়োজনীয়তা নেই। তবে পরিস্থিতি বেগতিক দেখলে যুক্তরাষ্ট্র যেেকোনো সময় আবারও আঘাত হানতে প্রস্তুত।
হোয়াইট হাউসে আয়োজিত এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কাতারের প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় আলোচনা বেগবান করা এবং মধ্যপ্রাচ্যে সার্বিক শান্তি ফিরিয়ে আনার বিষয়ে ফলপ্রসূ কথা হয়েছে। তিনি এই আলোচনাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করেন।
তবে মার্কিন প্রেসিডেন্টের এমন দাবিকে পুরোপুরি ভিত্তিহীন এবং ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছে তেজপুর। ইরানের দায়িত্বশীল কর্মকর্তারা ট্রাম্পের এই বক্তব্য কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে মার্কিন সরকার নিজেই বিপর্যস্ত হয়ে পড়েছে। কাল্পনিক আলোচনার গল্প বানিয়ে ভুয়া খবর ছড়ানো বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান তিনি।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমান অস্থিরতার অবসান চান। তিনি বর্তমান অবস্থাকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে ব্যাখ্যা করেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দেন, ইরান যেকোনো ন্যায়সংগত আলোচনায় বসতে প্রস্তুত। তবে কোনো রাষ্ট্রীয় চাপ বা হুমকির কাছে তারা কোনোভাবেই নতিস্বীকার করবে না।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর সংঘাত দ্রুত মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও পণ্য সরবরাহে ভয়াবহ বিপর্যয় ডেকে আনে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর ইরান বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এই পথটি দিয়ে বিশ্বজুড়ে তেল, গ্যাস ও সার পরিবহন করা হয়ে থাকে।
এরই ধারাবাহিকতায় প্রতিক্রিয়া হিসেবে কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



