ছবি: সংগৃহীত
সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন বেতন কাঠামো (পে স্কেল) নিয়ে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সাম্প্রতিক মন্তব্যে হতাশ হয়ে পড়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তিনি রবিবার জানিয়েছেন, “নতুন পে কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী সরকার।” অর্থাৎ বর্তমান সরকার এই মুহূর্তে নতুন পে স্কেল বাস্তবায়নে আর এগোচ্ছে না। অথচ কয়েক সপ্তাহ আগেই তিনি নিজেই ইঙ্গিত দিয়েছিলেন, “আগামী বছরের শুরুতেই এই সরকার নতুন পে স্কেল কার্যকর করবে।” সেই বক্তব্যের সঙ্গে রবিবারের অবস্থান সম্পূর্ণ বিপরীত, যা সরকারি চাকরিজীবীদের মধ্যে চরম ক্ষোভ ও অনিশ্চয়তা তৈরি করেছে।
নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে পে কমিশনের সদস্যরা কয়েক সপ্তাহ ধরে দিনরাত কাজ করে যাচ্ছেন। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে টানা বৈঠক হয়েছে। কমিশনের সদস্যদের মতে, প্রস্তাবিত কাঠামো এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। তবে শেষ মুহূর্তে নীতিনির্ধারণী পর্যায়ে রাজনৈতিক ও আর্থিক অনিশ্চয়তার কারণে প্রক্রিয়াটি আটকে গেছে।
সরকারি কর্মচারী ইউনিয়নের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা শুনেছিলাম ডিসেম্বরের মাঝামাঝি নতুন পে স্কেল ঘোষণা হবে। এজন্যই সবাই আশায় ছিলাম। কিন্তু এখন বলা হচ্ছে, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার! এটা আমাদের প্রতি অন্যায়।”
সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা বলছেন, অন্তর্বর্তী সরকারের অধীনেও প্রশাসন চলছে, বাজেট ব্যয়ও হচ্ছে, তাহলে বেতন কাঠামো নিয়ে সিদ্ধান্ত নিতে দ্বিধা কেন?
বাংলাদেশ সরকারি কর্মচারী ফেডারেশনের এক মুখপাত্র বলেন, “আমরা বহু বছর ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছি। বাজারে দ্রব্যমূল্যের যে অস্বাভাবিক বৃদ্ধি, সেই তুলনায় বর্তমান বেতন কাঠামো সম্পূর্ণ অপ্রতুল। আমাদের মনে হচ্ছে, সরকার আর্থিক অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে চাচ্ছে।”
কর্মচারীরা ইতিমধ্যে ১৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেল ঘোষণা না হলে আন্দোলনের কর্মসূচি দেওয়ার আল্টিমেটাম দিয়েছিলেন। এখন সেই আল্টিমেটামের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। অনেক সংগঠন নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে—এই বিষয়ে একযোগে পরবর্তী পদক্ষেপ নেবে কি না।
অর্থনীতিবিদরা বলছেন, সরকারের আর্থিক সক্ষমতা সীমিত হয়ে পড়েছে। বাজেট ঘাটতি বাড়ছে, ঋণ পরিশোধে চাপ বাড়ছে, বৈদেশিক মুদ্রা রিজার্ভও আগের তুলনায় অনেক কম। এসব কারণেই অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব নিতে চাইছে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, “সার্বিকভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল চাওয়া সম্পূর্ণ যৌক্তিক। কিন্তু সরকারের বর্তমান আর্থিক অবস্থার সঙ্গে সেই প্রত্যাশার ফারাক অনেক। এই অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আশা ছিল, তারা অর্থনীতিতে স্থিতি ফিরিয়ে আনবে, আস্থা তৈরি করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, তারা নিজেদের সক্ষমতা নিয়েই অনিশ্চিত। পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত পরবর্তী সরকারের হাতে ঠেলে দেওয়া তারই প্রমাণ।”
অধ্যাপক সিদ্দিকী আরও বলেন, “চাকরিজীবীরা ক্রমাগত মুদ্রাস্ফীতি, ভাড়া, চিকিৎসা ও শিক্ষার খরচে পিষ্ট হচ্ছেন। সরকারের উচিত ছিল অন্তত ন্যূনতম বেতন সমন্বয়ের ঘোষণা দেওয়া, যাতে কিছুটা স্বস্তি পায় নিম্ন ও মধ্যপদস্থ কর্মচারীরা। কিন্তু তারা সেটিও করছে না, যা হতাশাজনক।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম বলেন, “সরকারের ব্যয় এখন এতটাই বেড়ে গেছে যে তা মেটাতে গিয়ে আয় কুলিয়ে উঠছে না। রাজস্ব ঘাটতি পূরণে ধার নেওয়ার পরিমাণ দ্রুত বাড়ছে। সেই সঙ্গে বৈদেশিক ঋণের সুদ পরিশোধও বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।”
তিনি আরও বলেন, “এই পরিস্থিতিতে ৮০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি করা বাস্তবসম্মত নয়। সরকারের বর্তমান অর্থনৈতিক কাঠামো নড়বড়ে অবস্থায় আছে। পরবর্তী সরকারও যদি একই সংকটে পড়ে, তাদের পক্ষেও বড় পরিসরে বেতন বৃদ্ধি করা কঠিন হবে। অর্থনীতির পুনর্গঠন না হলে কোনো পে স্কেলই টেকসই হবে না।”
সর্বশেষ পে স্কেল বাস্তবায়িত হয়েছিল ২০১৫ সালে, যা সরকারি চাকরিজীবীদের বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিল। কিন্তু সেই সময় থেকে প্রায় এক দশক পার হয়ে গেছে। বর্তমানে মুদ্রাস্ফীতি ১০ শতাংশের ওপরে, ফলে অনেক সরকারি কর্মচারীর বাস্তব আয় কমে গেছে। বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, আগের মতো আয় দিয়ে এখন আর সংসার চালানো সম্ভব নয়।
একজন জেলা প্রশাসনের কর্মকর্তার ভাষায়, “আমাদের সন্তানদের পড়াশোনা, বাড়িভাড়া, চিকিৎসা খরচ সব কিছুর দাম বেড়েছে। অথচ বেতন একই আছে। আমরা অন্তত জানুয়ারিতে কোনো ইতিবাচক খবর পাব ভেবেছিলাম। কিন্তু এখন শুনছি সবকিছু আবার শুরু থেকে ভাবতে হবে। এটা সত্যিই হতাশাজনক।”
অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হতে আর বেশি সময় নেই। আগামী সরকার গঠনের আগে কোনো বড় অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল পাওয়ার আশা কার্যত আগামী সরকারের ওপর নির্ভর করছে। কিন্তু আগামী সরকার কে হবে, কবে গঠন হবে, এবং তার অর্থনৈতিক নীতি কেমন হবে—সবই এখন অনিশ্চিত।
বিশ্লেষকদের মতে, পে স্কেল বাস্তবায়ন শুধু আর্থিক নয়, এটি একটি প্রশাসনিক ও রাজনৈতিক প্রতিশ্রুতির বিষয়ও। সরকারের উচিত ছিল অন্তত একটি সময়সূচি ঘোষণা করা, যাতে সরকারি কর্মচারীরা জানতেন, কবে নাগাদ তারা নতুন কাঠামোর আওতায় আসতে পারেন। এখন সেই দিকনির্দেশনাও নেই।
সব মিলিয়ে, দেশের লাখো সরকারি চাকরিজীবীর প্রত্যাশিত নতুন বেতন কাঠামো এখন অনিশ্চয়তার ধোঁয়াশায় ঝুলে আছে। অন্তর্বর্তী সরকারের আর্থিক সংকট, রাজস্ব ঘাটতি এবং রাজনৈতিক রূপান্তরের সময়কাল—সবকিছু মিলে বিষয়টি আরও জটিল করে তুলেছে।
একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা ক্ষোভের সঙ্গে বলেন, “প্রতি সরকারই বলে—আমরা কর্মচারীদের পাশে আছি। কিন্তু বাস্তবে দেখা যায়, শেষ মুহূর্তে সব প্রতিশ্রুতি ভেস্তে যায়। এবারও তাই হলো।”
সরকার যদি দ্রুত কোনো বাস্তবসম্মত রোডম্যাপ ঘোষণা না করে, তাহলে এই অসন্তোষ প্রশাসনের অভ্যন্তরে আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। অর্থাৎ, পে স্কেল এখন শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক প্রতিশ্রুতিরও এক বড় পরীক্ষায় পরিণত হয়েছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



