ছবি: সংগৃহীত
দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, জনসেবামূলক ও সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের পক্ষ থেকে বড় ধরনের প্রশাসনিক পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন দুটি থানা এবং দুটি পৌরসভা গঠনের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি নবগঠিত উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই প্রস্তাবগুলো অনুমোদন করা হয়।
নিকারের সভায় অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে একটি নতুন থানা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় এই ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।
বগুড়ার প্রশাসনিক পরিসর বাড়াতে শিবগঞ্জ থানাকে বিভক্ত করে আরেকটি নতুন থানা স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত মোকামতলা উপজেলায় এই ‘মোকামতলা থানা’ স্থাপন করা হবে।
নতুন থানা গঠনের পাশাপাশি নাগরিক সেবা আরও সহজ করতে দুটি নতুন পৌরসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ নামে নতুন একটি পৌরসভা গঠিত হবে। পাশাপাশি সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রশাসনিক ও নাগরিক সেবা আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
প্রশাসনিক কাঠামোর নাম ও সদর দপ্তরেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে পাগলা থানার নাম হবে ‘দক্ষিণ গফরগাঁও থানা’।
এ ছাড়া, লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে গঠিত নতুন চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আগের প্রস্তাবে মটবী ও চরচামিতা মৌজায় সদর দপ্তর স্থাপনের কথা থাকলেও, নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা হাজিপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থানান্তরিত হবে।
একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত নতুন বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তরেও পরিবর্তন আনা হয়েছে। খামারগ্রাম মৌজা থেকে সদর দপ্তরটি সরিয়ে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



