ছবি: সংগৃহীত
চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের অক্টোবর মাসে রাজস্ব আদায়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে বৃহৎ করদাতা ইউনিট-মূল্য সংযোজন কর (এলটিইউ, ভ্যাট)। আলোচ্য মাসে প্রতিষ্ঠানটি ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকার রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে।
গত ২০২৫-২০২৬ অর্থবছরের অক্টোবর মাসে এই খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা। সেই হিসেবে এক বছরের ব্যবধানে অক্টোবর মাসে রাজস্ব আদায় বেড়েছে ২ হাজার ১৮৫ কোটি ৭২ লাখ টাকা। শতাংশের হিসেবে এই প্রবৃদ্ধির হার ৩৪ দশমিক ৪৭ শতাংশ।
চলতি অর্থবছরের শুরু থেকেই রাজস্ব আদায়ে বেশ বড় ধরনের নেতিবাচক ধারা বা নেগেটিভ গ্রোথ বিরাজ করছিল। অক্টোবর মাসের আগে বিগত মাসগুলোতে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি মাইনাস ৩০ শতাংশেরও নিচে নেমে গিয়েছিল। তবে অক্টোবরের এই বিশাল উল্লম্ফন সেই খরা কাটিয়ে রাজস্ব খাতে নতুন গতি সঞ্চার করেছে।
তথ্য-উপাত্ত পর্যালোচনায় দেখা যায়, অক্টোবর মাসে এলটিইউ, ভ্যাটের এই আদায় বিগত যেকোনো সময়ের রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে ২০২৪-২০২৫ অর্থবছরের অক্টোবর মাসে রাজস্ব আদায় হয়েছিল ৫ হাজার ৫৯১ কোটি ৩ লাখ টাকা।
তারও আগে ২০২৩-২০২৪ অর্থবছরের অক্টোবরে ৫ হাজার ২৫২ কোটি ৮১ লাখ টাকা এবং ২০২২-২০২৩ অর্থবছরের অক্টোবরে ৩ হাজার ৭৪৬ কোটি ২৫ লাখ টাকা রাজস্ব আদায় করেছিল প্রতিষ্ঠানটি। বিগত পাঁচ অর্থবছরের অক্টোবর মাসের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতি বছরই আদায়ের পরিমাণ বাড়লেও চলতি বছরের প্রবৃদ্ধি ছিল সবচেয়ে চোখে পড়ার মতো।
অবশ্য রেকর্ড পরিমাণ আদায়ের পরও অক্টোবর মাস পর্যন্ত নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত হয়নি। চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত এলটিইউ, ভ্যাটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ১০ হাজার ৬৮৮ কোটি ৫৩ লাখ টাকা।
লক্ষ্যমাত্রার তুলনায় এখনো কিছুটা ঘাটতি থাকলেও সংশ্লিষ্টরা এই অর্জনকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। অর্থবছরের শুরুর দিকের বড় ধরনের নেতিবাচক প্রবৃদ্ধি কাটিয়ে ওঠা ছিল বড় চ্যালেঞ্জ।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বড় করদাতা প্রতিষ্ঠানগুলোর নিয়মিত তদারকি, বকেয়া আদায়ে বিশেষ তৎপরতা এবং ভ্যাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধির ফলেই এই সাফল্য এসেছে।
রাজস্ব আদায়ের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে অর্থবছরের বাকি মাসগুলোতে সামগ্রিক লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে আশা করছে বৃহৎ করদাতা ইউনিট। দেশের সামষ্টিক অর্থনীতির চাকা সচল রাখতে ও উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়নের ক্ষেত্রে এলটিইউ-ভ্যাটের এই রেকর্ড রাজস্ব আহরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
বাংলাবার্তা/এসজে
.png)
.png)
.png)



